বেড়ায় বাড়তি বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ
পাবনার বেড়ায় পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কর্তৃপক্ষ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। পবিসের কর্মকর্তারা দাবি করেছেন, গত মাস থেকে বিদ্যুৎ বিলের ধাপ সংশোধন করে দাম বাড়ানো হয়েছে। এ-সংক্রান্ত চিঠি দেরিতে পাওয়ায় গত মাসের বৃদ্ধি পাওয়া অতিরিক্ত বিল চলতি মাসে আদায় করা হচ্ছে।পবিস সূত্রে জানা গেছে, গত আগস্ট পর্যন্ত আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের চারটি ধাপ ছিল। প্রথম ধাপটি ১ থেকে ১০০, দ্বিতীয় ধাপ ১০১ থেকে ৩০০, তৃতীয় ধাপ ৩০১ থেকে ৫০০ এবং চতুর্থ ধাপ ৫০১ ইউনিটের ওপর পর্যন্ত ছিল। ওই সময়ে প্রথম ধাপের জন্য বিল ইউনিটপ্রতি ৩ দশমিক ৫০, দ্বিতীয় ধাপ ৪ দশমিক ০৬, তৃতীয় ধাপ ৬ দশমিক ২১ এবং চতুর্থ ধাপের জন্য ৯ দশমিক ২৯ টাকা নির্ধারণ করা ছিল। তখন সবচেয়ে বড় সমস্যাটি ছিল তৃতীয় বা চতুর্থ ধাপে পৌঁছে যাওয়া ব্যবহারকারীদের পুরো ইউনিটের বিল ওই ধাপের জন্য নির্ধারণ করা দামে শোধ করতে হতো।এই সমস্যা দূর করতে সেপ্টেম্বর থেকে ধাপ পদ্ধতি সংশোধন করে বিদ্যুতের দাম বাড়ানো হয়। এবার ছয়টি ধাপ করা হয়। এতে ১ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত প্রথম, ৭৬ থেকে ২০০ পর্যন্ত দ্বিতীয়, ২০১ থেকে ৩০০ পর্যন্ত তৃতীয়, ৩০১ থেকে ৪০০ পর্যন্ত চতুর্থ, ৪০১ থেকে ৬০০ পর্যন্ত পঞ্চম এবং ৬০০ ইউনিটের ওপর পর্যন্ত ষষ্ঠ ধাপ নির্ধারণ করা হয়। এতে প্রথম ধাপে বিল ৩ দশমিক ৮২, দ্বিতীয় ধাপ ৪ দশমিক ৬৩, তৃতীয় ধাপ ৪ দশমিক ৭৯, চতুর্থ ধাপ ৭ দশমিক ১৪, পঞ্চম ধাপ ৭ দশমিক ৪৫ ও ষষ্ঠ ধাপের জন্য ৯ দশমিক ৩৮ টাকা নির্ধারণ করা হয়। এবার ধাপ সংশোধনে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আনা হয়েছে, তা হলো সেপ্টেম্বর থেকে যে যত ইউনিট বিদ্যুৎই ব্যবহার করুক, তাকে বিল শোধ করতে হবে প্রতিটি ধাপের দাম অনুযায়ী। যেমন কেউ ৩৭৫ ইউনিট ব্যবহার করলে তাকে প্রথম ৭৫ ইউনিটের জন্য ৩ দশমিক ৮২, ৭৬ থেকে ২০০ পর্যন্ত ৪ দশমিক ৬৩, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ৪ দশমিক ৭৯ এবং ৩০১ থেকে ৩৭৫ ইউনিট পর্যন্ত ৭ দশমিক ১৪ টাকা করে দিতে হবে। এতে বিদ্যুতের দাম বাড়লেও অনেক গ্রাহকেরই বিদ্যুৎ বিল কিছুটা কমেছে।পবিস-২-এর বেড়া কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। কিন্তু এ-সংক্রান্ত নির্দেশটি দেরিতে পাওয়ায় সেপ্টেম্বরের বিল আগের নিয়মেই ধরা হয়েছে। এতে যাঁরা ৩০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেছেন, তাঁদের কাছ থেকে বর্ধিত দাম নেওয়া হয়নি। কিন্তু যাঁরা ৩০০ ইউনিটের বেশি ব্যবহার করেছেন, তাঁরা আগের নিয়মে তৃতীয় বা চতুর্থ ধাপে পড়ায় অতিরিক্ত বিল দিয়েছেন। নিয়ম অনুযায়ী কম আদায় হওয়া এবং অতিরিক্ত নেওয়া দুই ধরনের বিলই পরের মাসের বিলের সঙ্গে সমন্বয় করার কথা। কিন্তু কর্তৃপক্ষ শুধু বৃদ্ধি পাওয়া দাম চলতি মাসের বিলের সঙ্গে যোগ করে দিয়েছে। অথচ সেপ্টেম্বরে যাঁদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করা হয়েছে, তাঁদের বিল সমন্বয় করা হয়নি।বেড়া পৌর এলাকার মৈত্রবাঁধা মহল্লার গ্রাহক শহীদুল ইসলাম বলেন, ‘সেপ্টেম্বরে ৩৭৫ ইউনিট ব্যবহার করে দুই হাজার ৪৮২ টাকা বিল শোধ করেছি। অথচ একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে চলতি মাসে (অক্টোবর) বিল এসেছে দুই হাজার ১১ টাকা। অর্থাৎ সেপ্টেম্বরে পল্লী বিদ্যুৎ আমার কাছ থেকে ৪৭১ টাকা বেশি নিয়েছে। এই টাকা ফেরত পাব কি না, জানি না।’ পবিস-২-এর পাবনা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রাশেদুজ্জামান বলেন, ‘গত মাসে বৃদ্ধি পাওয়া বিল এ মাসে নেওয়া হচ্ছে। আর সেপ্টেম্বরে যেসব গ্রাহক অতিরিক্ত বিল দিয়েছেন তাঁদের চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ তাঁদের কাছ থেকে যে টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে, পরবর্তী মাসের বিলে তা অবশ্যই সমন্বয় করা হবে।’