বেড়ায় বিজ্ঞান বিভাগের ফলাফল বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সারা দেশে মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রায় ৮৫ শতাংশই বিজ্ঞান ও গার্হস্থ্য বিভাগের শিক্ষার্থী। গড় পাসের হিসাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের চেয়েও এগিয়ে। কিন্তু এর উল্টো চিত্র পাবনার বেড়া উপজেলায়।
এ উপজেলায় বিজ্ঞানের পরীক্ষার্থীদের ফলাফল ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের তুলনায় একেবারেই হতাশাজনক। তবে শুধু এবারই নয়, পাঁচ-ছয় বছর ধরে বেড়া উপজেলায় বিজ্ঞানের এমন ফল-বিপর্যয় চলে আসছে।
বেড়ায় উচ্চমাধ্যমিক পর্যায়ের সাতটি কলেজ রয়েছে। একটি কলেজে বিজ্ঞান বিভাগের কোনো পরীক্ষার্থী ছিলেন না। বাকি ছয়টি কলেজে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিলেন ২৯৩ জন। এঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১১৮ জন। যেখানে উপজেলায় মোট পাসের হার ৬৭ দশমিক ৬৩ ভাগ সেখানে বিজ্ঞান বিভাগে এই হার মাত্র ৪০ দশমিক ২৭ ভাগ।
বিজ্ঞান বিভাগের বেশ কয়েকজন শিক্ষকের মতে, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিজ্ঞানশিক্ষার ভিত্তি দুর্বল। উপজেলার বেশির ভাগ মাধ্যমিক বিদ্যালয়ে মানসম্মত বিজ্ঞানাগার নেই। রয়েছে দক্ষ বিজ্ঞান শিক্ষকের অভাব। অনেক বিদ্যালয়েই শেষের ক্লাসগুলো ঠিকমতো হয় না। অথচ বেশির ভাগ বিদ্যালয়ে বিজ্ঞানের ক্লাস থাকে শেষের দিকে।
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার ছয়টি কলেজেরই বিজ্ঞান বিভাগের ফলাফল খারাপ হয়েছে। আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ১৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬০ জন উত্তীর্ণ হয়েছেন। এই প্রতিষ্ঠানের যে ১৪ জন পরীক্ষার্থী ফেল করেছেন তাঁরা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের।
বেড়া কলেজে এবার পাসের হার ৪৭ দশমিক ৪৪। শুধু বিজ্ঞান বিভাগে ১১০ জনের মধ্যে ২৮ জন পাস করেছেন। মনজুর কাদের মহিলা কলেজে বিজ্ঞান বিভাগে ৬৭ জনের মধ্যে আটজন পাস করেছেন। নাকালিয়া মনজুর কাদের কলেজে বিজ্ঞান বিভাগে ১৩ জনের মধ্যে একজন পাস করেছেন। কাশীনাথপুর মহিলা কলেজ ও মাসুমদিয়া কলেজের চিত্রও প্রায় একই রকম।
মনজুর কাদের মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে আছেন। এ জন্য মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞানশিক্ষার দুর্বলতাই অনেকটা দায়ী। এ ছাড়া কলেজ পর্যায়েও হয়তো কোনো ত্রুটি থাকতে পারে।
বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং ধোবাখোলা করোনেশন উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক বলেন, উপজেলায় মাধ্যমিক পর্যায়ে যেমন বিজ্ঞানাগার ও দক্ষ বিজ্ঞানের শিক্ষকের অভাব রয়েছে, তেমনি তা কলেজ পর্যায়েও রয়েছে। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে অনেক বিদ্যালয়েই শিক্ষার্থীরা ক্লাসে কম উপস্থিত থাকেন। এ ব্যাপারে অভিভাবকদের বারবার বলা সত্ত্বেও তাঁরা সচেতন হচ্ছেন না। ফলে বিজ্ঞানের ফলাফল খারাপ হচ্ছে।