বেড়ায় বিপাকে গরুর খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাশা অনুযায়ী দুধের দাম না পাওয়ায় এমনিতেই লোকসানে রয়েছেন পাবনার গরুর খামারিরা। এর ওপর হঠাৎ করেই গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় তাঁদের এখন দিশেহারা অবস্থা। গো-খাদ্য ওজনেও কম দেওয়া হচ্ছে বলে খামারিদের অভিযোগ।খামারিরা জানান, সপ্তাহ তিনেক আগে প্রতিমণ খর ২৪০ টাকা ও প্রতিবস্তা ভুসি (৩৭ কেজি) ৮৫০ টাকায় বিক্রি হতো। অথচ বর্তমানে প্রতিমণ খর ৩১০ টাকায় ও প্রতিবস্তা ভুসি ১১৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে গো-খাদ্যের দাম প্রায় দেড় গুণ বাড়লেও গরুর দুধের দাম বাড়েনি। ফলে চোখেমুখে অন্ধকার দেখছেন খামারিরা। এ অবস্থায় লোকসানের হাত থেকে বাঁচতে অনেকেই গরু বিক্রি করে দিতে শুরু করেছেন।খামারিরা জানান, প্রতিবস্তায় ৩৭ কেজি করে ভুসি থাকার কথা থাকলেও প্রায়ই দুই থেকে তিন কেজি করে ভুসি কম পাওয়া যায়। এ ছাড়া গরুর প্রধান খাদ্য খর কিনতে গিয়েও খামারিদের প্রতারিত হতে হচ্ছে। প্রতিমণ খরে পাঁচ-সাত কেজি করে কম দেওয়ার পাশাপাশি ওজন বাড়াতে খরে পানি দেওয়া হচ্ছে বলে খামারিদের অভিযোগ। বেড়া ও সাঁথিয়া উপজেলার বেশ কয়েকটি খর বিক্রির স্থান ঘুরে দেখা গেছে, মণদরে খর বিক্রির কথা বলে বিক্রেতারা অনুমানের ভিত্তিতে তা বিক্রি করছেন। কোনো বিক্রেতার কাছেই ওজন দেওয়ার মতো দাঁড়িপাল্লা বা সে ধরনের কিছু দেখা যায়নি। বেড়া বাসস্ট্যান্ড ও সাঁথিয়া বাজার এলাকার একাধিক খরবিক্রেতা জানান, একসময় বিশেষ ধরনের দাঁড়িপাল্লার মাধ্যমে ওজন করে খর বিক্রি করা হলেও এখন অনুমানের ভিত্তিতেই তা বিক্রি করা হয়। এতে দুই-এক কেজি এদিক-ওদিক হলেও বড় ধরনের হেরফের হয় না বলে তাঁরা দাবি করেন।বেড়া পৌর এলাকার বৃশালিখা ঘাট এলাকার ভুসি ব্যবসায়ী আবদুল কাদের বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে ভুসির এমন মূল্য বৃদ্ধি এর আগে দেখা যায়নি।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুসি ব্যবসায়ী জানান, বেশির ভাগ ভুসি ব্যবসায়ী সঠিক ওজনে ভুসি বিক্রি করলেও গুটি কয়েক ব্যবসায়ীর জন্য অন্য সব ব্যবসায়ীর সুনাম নষ্ট হচ্ছে। বেড়ার আমাইকোলা গ্রামের খামারি আবদুর রউফ বলেন, ‘এক মণ খ্যার (খর) কিনলি ৩৪-৩৫ স্যার পাওয়া যায়। তার ওপর খ্যারে পানি দিয়্যা তারা ওজন বাড়াচ্ছে। আবার ভুসি ব্যবসায়ীরাও ওজনে কম দিয়্যা আমাগরে ঠকাচ্ছে। আসলে আমাগরে দেখার কেউ নাই।’ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ফজলুর রহমান বলেন, ‘ওজনে কম দিয়ে গো-খাদ্য বিক্রির ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’