বেড়ায় বিষাক্ত বর্জ্যে ছয় গ্রামের বাসিন্দারা অতিষ্ঠ
পাবনার বেড়া উপজেলার নতুনভারেঙ্গা ইউনিয়নের রাকশা গ্রামের লোকালয়ে গড়ে ওঠা দুটি কারখানা মারাত্মক পরিবেশদূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, কারখানা থেকে নির্গত বর্জ্য গ্রামের প্রধান খালের মাধ্যমে ছড়িয়ে পড়ছে কয়েক কিলোমিটার এলাকায়। এতে খালের পানি বিষাক্ত হয়ে পড়ায় তা গোসল ও রান্নার কাজে অনুপযোগী হয়ে পড়ছে। খালের বিষাক্ত পানির কারণে রাকশা, বাগশোয়াপাড়া, সোনাপদ্মা, বক্তারপুর, সাফুল্যাপাড়াসহ অন্তত ছয় গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিষাক্ত খালের পানি ব্যবহার করায় অনেকের মধ্যেই দেখা দিয়েছে পেটের পীড়া, চর্মরোগ।স্থানীয় সূত্রে জানা গেছে, চার থেকে পাঁচ বছর আগে রাকশা বাজারের পাশে জনবহুল এলাকায় তজিমুদ্দিন ও আবদুর রবের মালিকানায় দুটি প্রসেস কারখানা গড়ে ওঠে। মিল থেকে সুতা রং করার কাজে ব্যবহূত সালফিউরিক এসিড, অ্যাসিটিক এসিড, কস্টিক সোডাসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ পানির সঙ্গে মিশে প্রতিনিয়ত বিষাক্ত বর্জ্য আকারে নির্গত হচ্ছে। নিষ্কাশন ও পরিশোধনের ব্যবস্থা না করে এগুলো মিলের মালিকদের ছোট একটি ডোবায় ফেলা হচ্ছে। সেখান থেকে বর্জ্য গিয়ে পড়ছে এলাকার প্রধান খালে। প্রধান খালের মাধ্যমে এগুলো রাকশা, বাগশোয়াপাড়া, সোনাপদ্মা, বক্তারপুর, বোড়ামারা, বসন্তপুর, সাফুল্যাপাড়াসহ ছয়টি গ্রামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় মারাত্মক দূষণের শিকার হয়ে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে বাসিন্দাদের।এলাকাবাসী জানায়, প্রধান খালের সঙ্গে বর্ষা মৌসুমে যমুনা নদীর সংযোগ হলেও শুকনো মৌসুমে তা যমুনা থেকে বিচ্ছিন্ন থাকে। বর্ষার সময় প্রধান খালে যমুনা থেকে প্রচুর মাছ আসে, যা শুকনো মৌসুমে এলাকাবাসীর মাছের চাহিদা পূরণ করে। বাগশোয়াপাড়ার আবু সাঈদ, বাচ্চু মিয়া; সোনাপদ্মা গ্রামের বাবর আলী, বক্তারপুর গ্রামের আবদুল আউয়াল, হোসেন আলীসহ অনেকেই জানান, এ বছর কারখানার বিষাক্ত বর্জ্যে খালের অনেক মাছ মারা গেছে। দুর্গন্ধযুক্ত রঙিন পানিতে অর্ধ লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠলেও এলাকাবাসী বিষাক্ত ভেবে সেসব মাছ খায়নি।বক্তারপুর গ্রামের আবদুল আউয়াল বলেন, ‘খাল বেয়ে আমাদের গ্রামে মিলের পচা পানি চইল্যা আসায় আমরা আর খালে গোসল করব্যার পারি ন্যা। অথচ আগে আমরা এই পানি রান্নার কাজে ব্যবহার করত্যাম।’ সোনাপদ্মা গ্রামের আবদুল মজিদ শেখ বলেন, ‘খালের বিষাক্ত পানিতে গোসল কইর্যা সারা শরীরে ঘা হয়া গেছিল। ম্যালা টাকা-পয়সা খরচ কইর্যা ভালো হইছি। আমার মতো ম্যালা মানুষেরই মিলের পচা পানির জন্যে এরম ঘা-পচরা হইছে।’ সোনাপদ্মা গ্রামের বাবর আলী বলেন, ‘মিল মালিকেরা এই বর্জ্য নিজেগরে জায়গায় রাখলি আমাগরে কুনু আপত্তি নাই। এলাকাবাসী যে খালের পানি ব্যবহার করে সেই খালে বর্জ্য ফেলা হলি আমাগরে তাতে চরম আপত্তি। বর্জ্যের কারণে গিরামে বাস করাই কঠিন হয়্যা গেছে।’বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের মিল ক্ষতিকর। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ আমি পাইনি। এর পরেও আমি সরেজমিনে সেখানে যাব এবং পরিবেশের জন্য ক্ষতিকর হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব।’একটি প্রসেস কারখানার মালিক আবদুর রব বলেন, ‘মিলের বর্জ্য আমরা আমাদের নিজস্ব খালেই ফেলি এবং শুধু বর্ষার তিন মাস বাদে সেখানেই তা সংরক্ষণ করা হয়। বর্ষার সময় বর্জ্য যমুনায় গিয়ে পড়ে। এ কারণে এলাকায় পরিবেশদূষণ হয় না। তবে একটি মহল শত্রুতা করে মাঝেমধ্যে আমাদের খালের বাঁধ কেটে দেয় এবং তাতে কখনো কখনো বর্জ্য অন্য খালে গিয়ে পড়ে। বর্জ্যের কারণে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে—এ ধরনের কোনো অভিযোগ এর আগে আমরা পাইনি। প্রয়োজনে এলাকাবাসীর সঙ্গে বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেব।’