বেড়ায় ব্যবসায়ীদের 'সন্ত্রাসবিরোধী' সমাবেশ
পাবনার বেড়া উপজেলার নাকালিয়া বাজারের ব্যবসায়ীরা গতকাল শনিবার ‘সন্ত্রাসবিরোধী’ সমাবেশ করেছেন। বাজারে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ এনে নাকালিয়া বাজার কমিটি এ সমাবেশের আয়োজন করে।
নাকালিয়া বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, তিন বছরের মধ্যে এবার নাকালিয়া বাজারে বড় ধরনের দুটি গণডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া চিহ্নিত সন্ত্রাসীরা বাজারের কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করছে। সন্ত্রাসীরা প্রায়ই ব্যবসায়ীদের মুঠোফোনে বা রাতে বাড়িতে যাওয়ার পথে হুমকি-ধমকি, ভয়-ভীতি দেখাচ্ছে। সন্ত্রাসীদের মদদে একটি দোকান দখলের ঘটনাও ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা চরম আতঙ্কিত হয়ে পড়েছেন।
এ ধরনের সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে নাকালিয়া বাজার কমিটি গতকাল দুপুর ১২টার দিকে বাজারের খোলা চত্বরে ওই সমাবেশ করে। এতে বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। বাজারের সব ব্যবসায়ী দোকান বন্ধ করে সমাবেশে অংশ নেন। সমাবেশে বাজার কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, হাট ইজারাদার সাইফুল ইসলাম, ইউপি সদস্য আবদুল খাদেমসহ ১৪ থেকে ১৫ জন বক্তব্য দেন। বক্তারা নাকালিয়া বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের পাশাপাশি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
বাজার কমিটির সম্পাদক রেজাউল বলেন, ‘সবাই সন্ত্রাসীদের চিনলেও ভয়ে কেউই তাদের নাম মুখে আনেন না। সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ব।’