বেড়ায় ভেজাল জুস তৈরির দায়ে দুজনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে আমের জুস তৈরির দায়ে দুই ব্যক্তিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। ক্ষতিকর এই জুসের ক্রেতা ছিল মূলত শিশুরা। গতকাল বুধবার আদালত বেড়া পৌর এলাকার সান্যালপাড়ায় ওই অভিযান চালান। এ সময় ওই দুই ব্যক্তির কারখানায় উৎপাদিত লক্ষাধিক প্যাকেট নকল জুসসহ জুস তৈরির মালামাল নষ্ট করে দেওয়া হয়।থানা পুলিশ সূত্রে জানা গেছে, সান্যালপাড়ার আনোয়ার হোসেন ও খালিদ হোসেন তাঁদের বাড়িতে আমের ভেজাল জুস তৈরির পৃথক দুটি কারখানা গড়ে তোলেন। প্রায় তিন মাস ধরে তাঁরা ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে এই জুস তৈরি করে প্লাস্টিকের প্যাকেটে ভরে বাজারজাত করে আসছিলেন। গতকাল ভোরে বেড়া থানা পুলিশ কারখানা দুটিতে অভিযান চালিয়ে মালামালসহ কারখানার মালিক আনোয়ার হোসেন ও খালিদ হোসেনকে আটক করেন। পরে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ ইসলাম ভ্রাম্যমাণ আদালত গঠন করে ঘটনাস্থলে হাজির হন এবং আনোয়ার হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে পাঁচ মাসের কারাদণ্ড এবং খালিদ হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে চার মাসের কারাদণ্ড দেন। গতকালই ওই দুই ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান।ইউএনও মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী ওই দুজনকে শাস্তি দেওয়া হয়। তাঁরা ক্ষতিকর রাসায়নিক দিয়ে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরি করে আসছিলেন। এ ব্যাপারে বৈধ কোনো কাগজপত্র তাঁরা দেখাতে পারেননি।’বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার বলেন, প্লাস্টিকের প্যাকেটে ভরা ক্ষতিকর ওই জুসের ক্রেতা ছিল মূলত শিশুরা।