বেড়ায় সংঘর্ষের এক সপ্তাহ পরেও লোকজন এলাকাছাড়া
পাবনার বেড়ায় পুলিশের সঙ্গে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হওয়ার এক সপ্তাহ পরেও হাটুরিয়া ও জগন্নাথপুর গ্রামের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পুলিশের আতঙ্কে ওই দুই গ্রামের অনেক পুরুষ এলাকা ছেড়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ এলাকার ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ হাজার লোককে আসামি করে থানায় পৃথক তিনটি মামলা দায়েরের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজাউল করিম গত মঙ্গলবার ঘটনা তদন্তে ওই এলাকায় যান। তিনি এলাকাবাসীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সাক্ষ্য নেন। গত মঙ্গলবার হাটুরিয়া ও জগন্নাথপুর গ্রামে গিয়ে থমথমে অবস্থা লক্ষ করা গেছে। গ্রাম দুটিতে অল্প কয়েকজন পুরুষ দেখা গেলেও তাঁদের মধ্যে আতঙ্ক লক্ষ করা গেছে। হাটুরিয়া বাজারের অধিকাংশ দোকান বন্ধ ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক পান দোকানি বলেন, ‘কয়েক দিন বন্ধ রাখার পর দুই দিন ধইর্যা দোকান খুলতাছি। কিন্তু বাজারে লোকজন না থাকায় বেচাকেনা নাই। দিনে দুই-চারজনের দেখা পাওয়া গেলিও রাইতে সগলেই অন্য জায়গায় সইর্যা থাকে।’গ্রামের লোকজন বলেন, মাঠে পাকা ধান। অনেক কৃষক এলাকা ছেড়ে চলে যাওয়ায় ধান কাটতে পারছেন না। তবে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বলেন, ‘এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ পুলিশ নিরপরাধ একজনকেও হয়রানি করবে না।’গত ৩১ মে রাতে বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে হাটুরিয়া-জগন্নাথপুর দুগ্ধ সমবায় সমিতি কেন্দ্রের ফল প্রকাশে দেরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী চাঁদ প্রামাণিকের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে হাটুরিয়া গ্রামের ওসমান গণি নামের এক ব্যক্তি নিহত ও পুলিশসহ অন্তত ৪০ জন আহত হন।