বেড়ায় সাংবাদিককে পিটিয়েছে সন্ত্রাসীরা
খবর প্রকাশের জের ধরে পাবনার বেড়া উপজেলায় একজন সাংবাদিককে পিটিয়েছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার সকালে বেড়া বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিককে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।কালের কণ্ঠ পত্রিকায় গত শুক্রবার ‘টিআর-কাবিখা-টেন্ডার পান এমপি টুকুর স্বজনরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তার পর থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাতিজা আমিনুল ইসলাম ও তাঁর অনুসারীরা পত্রিকাটির পাবনার আঞ্চলিক প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনকে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামুনের বড় ভাই আল মাহমুদ সরকার বাদী হয়ে আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, জাকির হোসেন, আবদুল হালিম, ফিরোজ ও ফারুক নামের ছয় ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। মামলার সত্যতা নিশ্চিত করে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।