বেড়ায় সেচখাল থেকে শিশুর লাশ উদ্ধার
পাবনার বেড়া পৌর এলাকার একটি সেচখাল থেকে গতকাল সোমবার সকালে দেড় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম ইমন। সে বেড়া পৌর এলাকার পায়না মহল্লার ফরমান মোল্লার ছেলে।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে ফরমান মোল্লা ও তাঁর স্ত্রী তাঁদের দেড় বছর বয়সী ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে তাঁরা জেগে দেখেন ঘরের দরজা খোলা। আর তাঁদের শিশুসন্তান বিছানায় নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ভোর ছয়টা পর্যন্ত শিশুটিকে না পেয়ে পুলিশকে ঘটনা জানান তাঁরা। পরে সকাল সাতটার দিকে বাড়ির পার্শ্ববর্তী সেচখালে শিশুটির লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে বেড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব জানান, শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। ওসি জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।