বেড়ায় সেচখালের পাড় আবারও ভেঙেছে
পাবনার বেড়া উপজেলায় মঙ্গলবার বিকেলে আবারও একটি সেচখালের পাড় ভেঙেছে। এতে ফসলহানির ঘটনা না ঘটলেও মেরামতের জন্য সেচখালটিতে পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় প্রায় পাঁচ হাজার বিঘা জমিতে সেচসংকট দেখা দিয়েছে। এ নিয়ে চলতি সেচ মৌসুমে অন্তত চারবার সেচখালের পাড় ভেঙে যাওয়ার ঘটনা ঘটল। এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পাউবোর বেড়া কার্যালয়ের পাশ দিয়ে যাওয়া এস-১ নামের সেচখালটির দক্ষিণ পাড় হঠাৎ করেই ভেঙে যায়। ভেঙে যাওয়া পাড়ের পাশে বড় একটি পুকুর থাকায় তাতে খালের পানি প্রবেশ করে। ফলে এবার ফসলি জমি প্লাবিত হওয়ার তেমন কোনো ঘটনা ঘটেনি। সেচখালটি ভেঙে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাউবো তাতে পানি সরবরাহ বন্ধ করে দেয়। খোঁজ নিয়ে জানা যায়, পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্পের আওতায় বেড়া ও সাঁথিয়া উপজেলার প্রায় ছয় হাজার হেক্টর জমিতে সেচ প্রদান করা হয়। এ জন্য নির্মাণ করা হয়েছে ৪২ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি প্রধান সেচখাল, ২০টি দ্বিতীয় পর্যায়ের (সেকেন্ডারি), ৪৭টি তৃতীয় পর্যায়ের (টারশিয়ারি) ও চার শতাধিক অপ্রধান (মাইনর) সেচখাল। এসব সেচখাল মেরামতের জন্য প্রতিবছর লাখ লাখ টাকা ব্যয় করা হলেও বারবার সেচখালের পাড় ভাঙার ঘটনা ঘটছে। পাউবোর একটি সূত্র জানায়, চলতি অর্থবছরে সেচখালগুলোর রক্ষণাবেক্ষণ ও সংস্কার বাবদ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এলাকার কৃষকদের অভিযোগ বরাদ্দ করা টাকা সেচখাল রক্ষণাবেক্ষণের কাজে সঠিকভাবে ব্যবহার না করার কারণেই এভাবে বারবার পাড় ভাঙার ঘটনা ঘটছে। সরেজমিনে জানা যায়, মঙ্গলবার সেচখালের পাড় ভেঙে যাওয়ার পর থেকে এস-১ নামের সেচখালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে বেড়া ও সাঁথিয়া উপজেলার জোড়দহ, চাকলা, সোমাসনারি, শহীদনগর, পাইকরহাটি, বাবুপাড়া, বরাটসহ অন্তত ২০টি গ্রামের পাঁচ হাজার বিঘা জমিতে সেচ সরবরাহ বন্ধ রয়েছে। পাউবোর বেড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী ফৈজুর রহমান বলেন, ভেঙে যাওয়া সেচখালটিতে দ্রুত মেরামতের কাজ চলছে ও দু-এক দিনের মধ্যেই সম্পন্ন হবে। এরপরই সেচখালটিতে আবারও পানি সরবরাহ শুরু হবে। সেচখালের সংস্কার বাবদ বর্তমানে যে অর্থ পাওয়া যাচ্ছে, তার প্রতিটি পয়সাই সঠিকভাবে ব্যবহূত হচ্ছে বলে দাবি করেন তিনি।