বেড়ায় সেচখালের পাড় ভেঙে ৫০০ বিঘা ফসলি জমি পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্পের সেচখালের পাড় ভেঙে গত শনিবার বিকেলে বেড়া উপজেলার কমপক্ষে ৫০০ বিঘা বোরো ও পেঁয়াজের খেত পানিতে তলিয়ে গেছে। এসব খেতের বেশির ভাগেরই চারা নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর থেকে অন্যান্য এলাকায় সেচের পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় বিস্তীর্ণ এলাকায় সেচসংকট দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে তিনটার দিকে পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্পে ছোন্দহে এস-১ নামের সেচখালের বাঁ পাড় পানির চাপে হঠাত্ ভেঙে পড়ে। ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে সেচখালের পানি পাশের এলাকায় ঢুকে পড়লে উপজেলার ভুড়ভুড়িয়া, দীঘলা, জিয়ালগাড়া, কাজলকুড়া, বাঘমারা ও ধহলকুড়ার ছয়টি বিলের ব্যাপক অংশ প্লাবিত হয়। সরেজমিনে ঘুরে জানা গেছে, ডুবে যাওয়া অংশের বেশির ভাগ জমিতে কিছুদিন আগে বোরো ধানের চারা রোপণ করা হয়। বাকি অংশে পেঁয়াজের আবাদ করা হয়। বোরো ও পেঁয়াজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে কৃষকেরা জানিয়েছেন। সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের কৃষক নূর মোহাম্মদ জানান, তিনি দীঘলার বিলে অন্যের কাছ থেকে অর্থের বিনিমিয়ে সাত বিঘা জমি নিয়ে বোরোর আবাদ করেন। এতে এ পর্যন্ত তাঁর প্রায় ৫৫ হাজার টাকা খরচ হয়েছে। তাঁর পুরো জমি তলিয়ে যাওয়ায় বেশির ভাগের চারাই নষ্ট হয়ে যাবে। তিনি অভিযোগ করেন, প্রতিবছরই এ এলাকায় সেচখালের পাড় ভেঙে ফসলের খেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিই এ জন্য দায়ী।সেচখালের আওতাভুক্ত নলভাঙ্গা, চাকলা, পাঁচুরিয়াসহ অন্যান্য এলাকার কৃষকেরা জানান, ভেঙে যাওয়ার পর থেকে এই সেচখালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত করে সেচখাল দিয়ে পানি সরবরাহ শুরু না হলে এই এলাকার কমপক্ষে দেড় হাজার একর জমির সদ্য রোপণ করা ধানের চারা শুকিয়ে যাবে। কৃষকেরা অভিযোগ করেন, কিছুদিন আগে ভেঙে যাওয়া সেচখালসহ সেচ প্রকল্পের আওতাভুক্ত অন্য সেচখালগুলো সংস্কার ও মেরামত করা হয়েছে। এ জন্য ব্যয় দেখানো হয়েছে এক কোটি ১২ লাখ টাকা। এত মোটা অঙ্কের টাকা ব্যয় হলেও সেচখালে চোখে পড়ার মতো কোনো কাজই হয়নি। সরেজমিনে এস-১ খালটি ঘুরে দেখা গেছে, এর বাঁ পাড়ের বেশ কয়েকটি অংশ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। এ অংশগুলো পাউবো বালুর বস্তা দিয়ে কোনো রকম রক্ষার চেষ্টা করছে। এমনই একটি অংশ শনিবার ভেঙে পড়ে। পাউবোর বেড়া শাখার নির্বাহী প্রকৌশলী কামরুন্নেছা পিইঞ্জ বলেন, ‘১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এস-১ সেচখালের সানিলা থেকে চাকলা পর্যন্ত দুই কিলোমিটার অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্বল। এরই একটি অংশ পানির চাপে ভেঙে যায়। দু-এক দিনের মধ্যেই এ অংশটি সংস্কার সম্পন্ন করে সেচখালে আমরা পানি সরবরাহ করতে পারব বলে আশা করছি।’