বেড়ায় সেচখালের বাঁধে ভাঙন, মেরামতের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ দিন পেরিয়ে গেলেও পাবনা সেচ প্রকল্পের ভেঙে যাওয়া সেচখালের বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। সেচখাল পানিশূন্য থাকায় প্রকল্পের আওতাভুক্ত এলাকার কৃষকেরা বোরো ধানের খেতে পানি দিতে পারছেন না। ফলে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক৷
কৃষকদের সংগঠন বেড়া কৃষি ক্লাবের সভাপতি মো. ফিরোজ বলেন, ধান না পাকা পর্যন্ত সেচখালে পানি রাখার নিয়ম। অথচ এবার দুই সপ্তাহ আগেই পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সেচের পানি বন্ধ করে দিয়েছে। এতে প্রচুর ধান চিটা হয়ে যাওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
পাউবোর আমাইকোলা-সরিষা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আনসার আলী বলেন, ‘আমাদের সমিতিতে প্রায় চার শ কৃষক। এক সপ্তাহেরও বেশি সময় ধরে জমিতে পানি দিতে না পারায় ধানগাছ শুকিয়ে যাচ্ছে।’
বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা ইসমাইল হোসেন ও সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, এবার সরিষা উঠতে দেরি হওয়ায় বেশ কিছু জমিতে বোরোর আবাদেও দেরি হয়েছে। এ জন্য এসব জমির ধান পাকছেও দেরিতে। সেচ প্রকল্পের আওতাভুক্ত মাত্র ২০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। বাকি জমিতে সেচ দেওয়া বন্ধ হওয়ায় ফলন কম হবে। সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ‘সেচখালটি দ্রুত মেরামতের জন্য পাউবোকে চিঠি দিয়েছি।’
পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় পাউবো বেড়া ও সাঁথিয়া উপজেলার প্রায় আড়াই হাজার হেক্টর (ছয় হাজার ১৭৫ একর) জমিতে সেচ দিয়ে আসছে। এ জন্য প্রকল্প এলাকায় দুটি পাম্পস্টেশনসহ নির্মাণ করা হয়েছে ছোট-বড় অসংখ্য সেচখাল, নিষ্কাশনখাল, বন্যানিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন অবকাঠামো।
১৫ মে সাঁথিয়া উপজেলার মাধবপুরে সেচ প্রকল্পের প্রধান সেচখালের বাঁধ ভেঙে যায়। এতে সহস্রাধিক হেক্টর জমির ফসল তলিয়ে যায় এবং ভেসে যায় অর্ধশতাধিক মৎস খামার। বাঁধ ভেঙে সেচখালের পানি বেরিয়ে যাওয়ায় প্রকল্পের আওতাভুক্ত এলাকার কৃষকেরা বোরো ধানের খেতসহ অন্যান্য জমিতে সেচ দিতে পারছেন না।
তবে পাউবোর বেড়া শাখার নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমানের দাবি, বোরো আবাদের এ মৌসুমে সেচের পানি সরবরাহের আর প্রয়োজন নেই। কারণ বোরো মৌসুম এখন শেষের পথে। প্রায় সব জমির ধান পেকে গেছে এবং ধান কাটাও শেষের পথে। তিনি বলেন, বাঁধ ভেঙে যাওয়ার সঙ্গে সেচখালে পানি সরবরাহের কোনো সম্পর্ক নেই। এমনিতেই ১৪ মে থেকে সেচখালে পানি সরবরাহ এবারের মতো বন্ধ করে দেওয়া হয়েছে। আর বাঁধ ভেঙেছে ১৫ মে।
কবিবুর বলেন, অন্যান্য বছর সপ্তাহ খানেক আগেই পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বাঁধ মেরামত সম্পর্কে তিনি বলেন, অর্থের অভাবে মেরামতে বিলম্ব হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় বাজেট (অর্থ) পাওয়ার পর বাঁধটি মেরামত করা হবে।
গত শুক্রবার সরেজমিনে কৃষক ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভিন্ন চিত্র লক্ষ করা গেছে। প্রকল্প এলাকার মাত্র ২০ ভাগ জমির ধান কাটা হয়েছে। বাকি জমির ধান এখনো পুরোপুরি পাকেনি। পুরো এলাকার জমির ধান পাকতে আরও সপ্তাহ দুয়েক লাগবে বলে কৃষকেরা জানান।
কৃষক ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের মতে, ধান পুরোপুরি না পাকা পর্যন্ত খেতে পানি দিতে হয়। এ জন্য কৃষকেরা ধান কাটার দুই থেকে তিন দিন আগেও খেতে সেচ দিয়ে থাকেন। আংশিক ধান পাকার পর সেচ বন্ধ করা হলে সেই জমির কাঁচা ধানের বেশির ভাগই চিটা হয়ে যায়।