বেড়ায় স্কুলছাত্র খুন প্রতিবাদে মানববন্ধন
পাবনার বেড়া উপজেলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্র খুন হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও মৌন মিছিল হয়েছে।নিহত ছাত্রের নাম আমানউল্লাহ। বেড়া পৌর এলাকার হাতিগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল সে। তার বাবা হাতিগাড়া মহল্লার মুদি দোকানদার হানিফ ফকির।পারিবারিক সূত্রে জানা যায়, আমানউল্লাহ ১ মার্চ দুপুরে নিখোঁজ হয়। গত বুধবার বিকেলে বেড়া উপজেলা পরিষদ চত্বরের একটি সেপটিক ট্যাংকের ভেতরে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, আমানউল্লাহকে খুন করে সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে দেওয়া হয়েছে।হাতিগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকেরা হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মৌন মিছিল করেন। এরপর তাঁরা উপজেলা পরিষদ কার্যালয়ের কাছে আধা ঘণ্টা মানববন্ধন করেন। কর্মসূচি শেষে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে তাঁরা একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দেন।এ ছাড়া গতকাল বিকেল চারটার দিকে এলাকাবাসী হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বেড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আপাতদৃষ্টিতে এটি একটি হত্যাকাণ্ড বলে আমরা মনে করছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানতে পারব। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আমরা গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছি।’