পাবনার বেড়া উপজেলার বেড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান হত্যা বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার থানার সামনে মানববন্ধন করেছে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শোকসভা ও মিলাদ মাহফিল হয়। বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বেড়া থানা ও বিদ্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীদের অংশগ্রহণে মিজানুরের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধে মানববন্ধনে শিক্ষকেরাও অংশ নেন। থানার অবস্থান বিদ্যালয়ের কাছাকাছি হওয়ায় বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে শুরু করে থানার সামনেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। তবে থানা স্পর্শকাতর স্থান বলে মানববন্ধন কর্মসূচি দ্রুত শেষ করা হয়।’ এদিকে মিজানুর হত্যারহস্য উদ্ঘাটিত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান জানান, মিজানুরের সঙ্গে আটক মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের কথা অভিভাবকেরা জানতে পেরে প্রায় সাত মাস আগে প্রবাসী এক ছেলের সঙ্গে তার বিয়ে দেন। বিয়ের পরও মুঠোফোনে মেয়েটি ও মিজানুরের নিয়মিত যোগাযোগ ও দেখা-সাক্ষাৎ হতো। ৩০ এপ্রিল রাতে মেয়েটি মিজানুরকে মুঠোফোনে তার বাবার বাড়িতে ডেকে নিয়ে একটি কক্ষে কথা বলতে থাকে। এ দৃশ্য দেখে মেয়ের আত্মীয়রা মিজানুরকে ধরে বেদম মারধর করেন। একপর্যায়ে মিজানুর মারা যায়। ওসি জানান, গ্রেপ্তারের পর মেয়েটি এ কথাগুলো পুলিশকে যেমন বলেছে, তেমনি মঙ্গলবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও বলেছে। ওসি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের নাম মেয়েটি পুলিশের কাছে ও আদালতে বলেছে। তবে তদন্তের স্বার্থে আমরা নামগুলো প্রকাশ করব না। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।’