বেড়ায় স্কুলছাত্রকে হত্যার বিচার দাবিতে মিছিল
পাবনার বেড়া উপজেলার বেড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান হত্যার বিচার দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার মিছিল করেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত সোমবার গ্রেপ্তার হওয়া মিজানুরের সহপাঠী সুমী আক্তার গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাকে গতকালই পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। বিদ্যালয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে বিদ্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি বেড়া শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তারেকুল ইসলাম বলেন, ‘গতকাল পাবনার আমলি আদালতে সুমীকে হাজির করা হলে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’ গত শনিবার সন্ধ্যার পর কে বা কারা মিজানুরের মুঠোফোনে যোগাযোগ করে তাকে ডেকে নেয়। রোববার ভোরে তার সহপাঠী সুমী আক্তারের বাড়ির পাশে তার লাশ পাওয়া যায়।মিজানুরের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ জানান, বিদ্যালয়ের শিক্ষকসহ সব শিক্ষার্থী এ হত্যাকাণ্ডের ঘটনায় শোকার্ত। শিক্ষার্থীদের মিছিল করার ব্যাপারে বাঁধা দিয়েও কাজ হয়নি।