বেড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি কাওসারকে পুলিশ গত রোববার রাতে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

 পুলিশ জানায়, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ২১ আগস্ট রাতে থানায় মামলা হওয়ার পর থেকেই পুলিশ কাওসারকে হন্যে হয়ে খুঁজছিল। কিন্তু তিনি গা ঢাকা দেওয়ায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারছিল না। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর এলাকার একটি সড়ক থেকে রোববার রাত আটটার দিকে তাঁকে গ্রেপ্তার করে।

 বেড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা জানান, জিজ্ঞাসাবাদে কাওসার ধর্ষণের কথা স্বীকার করেছেন। গতকাল তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

২১ আগস্ট বেড়া পৌর এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে কাওসারের বিরুদ্ধে। ওই দিন স্কুলের সামনের রাস্তা থেকে তাকে বেড়া পৌর এলাকার সানিলা মহল্লার কাওসার তিন-চারজনের সহযোগিতায় তুলে নিয়ে যান। তাকে একটি নৌকায় নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই ছাত্রী কাওসার ও তাঁর তিন-চার সহযোগীকে আসামি করে ২১ আগস্ট রাতে মামলা করে।