বেড়ায় হামলায় আহত স্কুলছাত্র মারা গেছে
পাবনার বেড়া উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আহত স্কুলছাত্র মতিউর রহমান (১৬) গতকাল বৃহস্পতিবার মারা গেছে। গত মঙ্গলবার নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চবিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষা দেওয়ার সময় তাকে কুপিয়ে আহত করা হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে জগন্নাথপুর গ্রামের কয়েক ব্যক্তি মঙ্গলবার হাটুরিয়া গ্রামের হাসমত আলীকে কুপিয়ে আহত করে। এতে ক্ষিপ্ত হয়ে হাটুরিয়া গ্রামের লোকজন নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চবিদ্যালয়ে গিয়ে জগন্নাথপুর গ্রামের ছাত্রদের ওপর হামলা চালায়। হামলাকারীরা পরীক্ষা দিতে আসা জগন্নাথপুর গ্রামের মতিউরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাকে প্রথমে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল নয়টার দিকে সে মারা যায়।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার জানান, হামলার ঘটনায় দুই পক্ষই থানায় মামলা করেছে। তবে মতিউর মারা যাওয়ায় তাদের মামলাটি এখন হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে।