পাবনার বেড়া পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ১৫ দিনে কুকুরের কামড়ে আহত হয়েছে অন্তত ২৫ জন। কিন্তু বেড়া উপজেলাসহ সমগ্র পাবনায় জলাতঙ্ক রোগের প্রতিষেধক পাওয়া যাচ্ছে না। এ রোগে আক্রান্ত হয়ে পাঁচ বছরে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।বেড়া পৌরসভার বনগ্রাম মহল্লার ময়েনউদ্দিন জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৬ জানুয়ারি তাঁর মেয়ে আঁখিকে (১০) রাস্তার একটি কুকুর কামড়ে দেয়। তিনি হাসপাতাল ও ওষুধের দোকানসহ উপজেলার সর্বত্র এবং পাবনা জেলা শহরে খোঁজ করেও জলাতঙ্ক রোগের প্রতিষেধক পাননি। অবশেষে ৯ জানুয়ারি ঢাকায় গিয়ে তিনি প্রতিষেধক সংগ্রহ করেন। এ জন্য বাড়তি অর্থ ব্যয় হওয়ার পাশাপাশি তাঁকে পোহাতে হয় চরম ভোগান্তি।ব্যাপক বিড়ম্বনা ও অর্থ ব্যয়ের পর ময়েনউদ্দিন জলাতঙ্কের প্রতিষেধক জোগাড় করতে পারলেও গত ১৫ দিনে কুকুরের কামড়ে যারা আহত হয়েছে, তাদের বেশির ভাগই তা জোগাড় করতে পারেনি। কবিরাজদের চিকিত্সা অথবা ভাগ্যের ওপর নির্ভর করে তাদের থাকতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের শাপলা ফার্মেসির মালিক মো. হাসান জানান, প্রতিদিন দুই থেকে তিনজন জলাতঙ্কের প্রতিষেধক খোঁজ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিত্সা কর্মকর্তা কামরুজ্জামান জানান, প্রায় প্রতিদিন কেউ না কেউ কুকুর-বেড়ালের কামড়ে আহত হয়ে চিকিত্সার জন্য আসছে। বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুস সামাদ মহালদার জানান, সরকারের সংশ্লিষ্ট বিভাগে বারবার চেয়েও প্রতিষেধকটি পাওয়া যাচ্ছে না।