বেড়ায় ১৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত তিন শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরমের তীব্রতা বেড়ে চলার সঙ্গে সঙ্গে পাবনার বেড়া উপজেলায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গত ১৫ দিনে উপজেলায় তিন শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খোলা খাবার খাওয়া ও পানীয় পান করায় এভাবে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। বিশেষ করে চলতি মাসের শুরু থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। গত ১৫ দিনে (১১ এপ্রিল থেকে গতকাল ২৫ এপ্রিল পর্যন্ত) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। অন্যদিকে চলতি মাসের ১ তারিখ থেকে গতকাল (২৫ এপ্রিল) পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে মোট ১৭৩ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা আইয়ুব হোসেন বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন কয়েকজন করে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হলেও গরমের মৌসুম হিসেবে বিষয়টিকে আমরা স্বাভাবিক হিসেবেই দেখছি। ডায়রিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। আর মানুষ একটু সচেতন হয়ে বিশুদ্ধ পানি পান করলে এবং একটু সতর্ক থাকলে এ রোগ অনেকটাই দূর করা সম্ভব।’