বেড়ায় ১৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত দেড় শতাধিক
পাবনার বেড়া উপজেলায় ব্যাপক আকারে ডায়রিয়া দেখা দিয়েছে। গত ১৫ দিনে দেড় শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৭ জনের ভর্তির তথ্য পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। বিশেষ করে, চলতি মাসের শুরু থেকে দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। গতকাল মঙ্গলবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে শুধু গতকাল সকালেই ভর্তি হয়েছে ১১ জন। আক্রান্তদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষ রয়েছে বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক জানিয়েছেন, এ বছর উপজেলার ডায়রিয়া-পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় বেশ খারাপ। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন ১৫ থেকে ২০ জন ডায়রিয়ায় আক্রান্ত হলেও তাদের মধ্যে ছয়-সাতজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, গরমের তীব্রতায় শরীরে পানির চাহিদা বেড়ে যাওয়ায় অনেকেই বাছ-বিচার না করে বিভিন্ন উৎস থেকে পানি পান করছে। এতে বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত এ রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। এ ছাড়া হাটবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় বিক্রি হচ্ছে বিভিন্ন খ্যাদ্যবস্তু। এসব খাদ্যবস্তুতে অনবরত মাছি যেমন বসছে, তেমনি পড়ছে নোংরা ধুলাবালি। এসব খাবার খেয়েও অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ডায়রিয়ায় আক্রান্ত হওয়া পেঁচাকোলা গ্রামের রফিকুল ইসলাম (৪২) বলেন, ‘তিন-চার দিন আগে হাটে যায়া এক গিলাস শরবত কিন্যা খাইছিল্যাম। হাটের থ্যা বাড়িত যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার পাতলা পায়াখানা ও বমি শুরু হয়।’ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আলী রেজা ফারুক বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন কয়েকজন করে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হলেও গরমের মৌসুম হিসেবে বিষয়টি আমরা স্বাভাবিক হিসেবেই দেখছি। ডায়রিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। মানুষ একটু সচেতন হয়ে বিশুদ্ধ পানি পান করলে, হাটবাজারের খোলা খাবার না খেলে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সতর্ক থাকলে এ রোগ অনেকটাই দূর করা সম্ভব।’