বেড়ায় ৩০ স্কুলছাত্রী হঠাৎ অসুস্থ
পাবনার বেড়া উপজেলার আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অন্তত ৩০ জন ছাত্রী গতকাল মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দুপুরে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গতকাল প্রচণ্ড গরম পড়ে। এর মধ্যে প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এ কারণে শিক্ষার্থীদের মধ্যে অস্বস্তি বাড়তে থাকে। একপর্যায়ে কয়েকজন ছাত্রী মাথাব্যথা, শ্বাসকষ্ট ও বমি বমি ভাব অনুভব করে। দুপুর ১২টার দিকে নবম শ্রেণির এক ছাত্রী সংজ্ঞা হারিয়ে ফেলে। এরপর একে একে ৩০ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানটি ছুটি দেওয়া হয়। আজ বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে দুপুরের খাবার (টিফিন) পর্যন্ত ক্লাস হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ মকসুদ আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ ছিল না। এতে প্রথমে দু-একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দেখাদেখি অন্যরাও অসুস্থ বোধ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার দাস বলেন, চিকিৎসা নিতে আসা ছাত্রীদের অসুস্থতার কারণ দুটি। একটি গরমজনিত, অপরটি গণমনস্তাত্ত্বিক। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আক্রান্ত ছাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।