বেড়ায় ৪৮টি আর্সেনিক প্লান্টের ২৫টি অকেজো
রাসায়নিক উপাদান না পাল্টানোয় পাবনার বেড়া উপজেলার আর্সেনিক দূরীকরণ প্লান্টগুলো কাজে আসছে না। এর মধ্যে মোট ৪৮টি প্লান্টের ২৫টিই অকেজো হয়ে পড়েছে। এ কারণে ভয়াবহ আর্সেনিক-ঝুঁকিতে থাকা বেড়ার বাসিন্দাদের আর্সেনিকমুক্ত পানি পাওয়ার প্রধান অবলম্বনটি বন্ধ হয়ে গেছে।প্লান্টের রাসায়নিক উপাদান পাল্টাতে প্রায় ২৮ হাজার টাকার প্রয়োজন হয়। এ টাকা সংগ্রহ ও প্লান্ট রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ব্যবহারকারীদের। এ জন্য কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। কিন্তু কমিটিগুলো মাসিক ভিত্তিতে চাঁদা তুলতে না পারায় সেটি করা যায়নি।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় থেকে জানা গেছে, বেড়ার ৫৮ শতাংশ নলকূপের পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক রয়েছে। এ পরিপ্রেক্ষিতে ইউনিসেফের আর্থিক সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গত ১২ বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ৪৮টি আর্সেনিক দূরীকরণ প্লান্ট স্থাপন করে। প্রতিটি প্লান্ট স্থাপনে ব্যয় হয় চার লাখ টাকা। কিন্তু নির্দিষ্ট পরিমাণ পানি পরিশোধিত হওয়ার পর রাসায়নিক উপাদান না পাল্টানোয় একে একে ২৫টি প্লান্ট অকেজো হয়ে পড়েছে।সূত্র আরও জানায়, প্লান্টগুলোয় আর্সেনিক দূর করার জন্য যে অংশটি কাজ করে, তার নাম মিডিয়া। ওই মিডিয়ার ভেতর থাকা ‘গ্র্যানুল্যার ফেরিক হাইড্রো-অক্সাইড’ নামের রাসায়নিক উপাদানটি আর্সেনিক দূর করে। প্রতিটি প্লান্টের ওই রাসায়নিক উপাদান গড়ে ১০ লাখ লিটার পানিকে আর্সেনিকমুক্ত করার ক্ষমতা রাখে। এরপর ওই রাসায়নিক উপাদান পাল্টাতে হয়। এতে খরচ হয় ২৮ হাজার টাকা।জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, সংশ্লিষ্ট প্লান্টগুলোর পানি ব্যবহারকারীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। প্লান্টগুলো রক্ষণাবেক্ষণ করার পাশাপাশি পানি ব্যবহারকারীদের কাছ থেকে মাসিক ভিত্তিতে চাঁদা তুলে ওই টাকা দিয়ে রাসায়নিক উপাদান পাল্টানোর দায়িত্ব দেওয়া হয় কমিটিকে। কিন্তু বেশির ভাগ কমিটি দায়িত্ব নিয়ে কাজ না করায় ও চাঁদা তুলতে ব্যর্থ হওয়ায় প্লান্টগুলো অকেজো হয়ে পড়ছে।বেড়া পৌর এলাকার শাহপাড়া মহল্লায় বসানো আর্সেনিক প্লান্টের তত্ত্বাবধায়ক শাহাদৎ হোসেন বলেন, রাসায়নিক না পাল্টানোয় ও যান্ত্রিক সমস্যার কারণে প্লান্টটি ছয় মাসেরও বেশি সময় ধরে নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। এটি চালু করতে প্রায় ৪০ হাজার টাকার প্রয়োজন। গ্রামের ৩০টিরও বেশি পরিবার এ প্লান্ট থেকে পানি নিত। বারবার চেয়েও তাদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়া সম্ভব হয়নি। টাকা চাইতে গেলে এলাকার লোকজন বলে, সরকারি পানি নিতে আবার টাকা লাগে নাকি?বেড়া পৌর এলাকার কাগমাইরপাড়ার আর্সেনিক প্লান্টের সভাপতি নার্গিস সালাম বলেন, মহল্লার প্রায় সবাই এখান থেকে পানি নেয়, কিন্তু কেউ টাকা দেয় না।বেড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ছাইদুর রহমান বলেন, প্লান্টগুলোর রাসায়নিক উপাদান পাল্টানোর দায়িত্ব সংশ্লিষ্ট ব্যবহারকারীদের। বরাদ্দ না থাকায় এ ব্যাপারে তাঁদের কিছু করার নেই। বর্তমানে চালু থাকা প্লান্টগুলোর রাসায়নিক উপাদান সময়মতো না পাল্টানোয় সেগুলোও আর্সেনিক দূর করতে পুরোপুরি সক্ষম নয় বলে জানান তিনি।