বেড়িবাঁধ কেটে হচ্ছে স্থায়ী দোকানপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে বেড়িবাঁধ কেটে তৈরি করা হচ্ছে দোকানপাট
কক্সবাজারে বেড়িবাঁধ কেটে তৈরি করা হচ্ছে দোকানপাট

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের দক্ষিণ রাখাইনপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ কেটে তৈরি করা হচ্ছে স্থায়ী দোকানপাট। এতে সামুদ্রিক জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়ি বিলীনসহ রাখাইনদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
৩ জানুয়ারি রাখাইন পল্লির ৮০ জন নারী-পুরুষ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে বেড়িবাঁধের ওপর তৈরি স্থাপনা উচ্ছেদের দাবি জানান। এর আগে একই দাবিতে রাখাইনরা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, দক্ষিণ রাখাইনপাড়ার পাশে (বোট ঘাটে) পাউবোর বেড়িবাঁধের ওপর মাছ ও নাপ্পি শুকিয়ে অন্তত তিন হাজার রাখাইন নারী-পুরুষ জীবিকা নির্বাহ করছেন। বেড়িবাঁধের ওপর রাখাইনরা প্রবারণা পূর্ণিমাসহ ধর্মীয় উৎসবের ফানুস ওড়ান। মৃতদেহ শ্মশানে নেওয়ার প্রস্তুতি বেড়িবাঁধের ওপর করতে হয়। এখন বেড়িবাঁধের ওপর ফখরুদ্দিন কাজল নামের এক ব্যক্তি স্থায়ীভাবে ট্রলারে বিক্রির বরফকল, মালামাল বিক্রির দোকানপাটসহ ১০-১২টি অবকাঠামো নির্মাণ করছেন।
ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মং ওয়েন বলেন, প্রায় ৩৪ লাখ টাকায় সৌদিপ্রবাসী ফখরুদ্দিন বেড়িবাঁধের জমি ইজারা নিয়ে অবৈধভাবে স্থায়ী অবকাঠামো নির্মাণ করছেন। এসব অবকাঠামো উচ্ছেদের জন্য ৩ জানুয়ারি পাউবোর নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত কাজ বন্ধ হয়নি।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, বঙ্গোপসাগরের পাশে রাখাইন পল্লিটি বেড়িবাঁধ দিয়ে ঘেরা। বাঁধের ভেতরে কয়েক হাজার রাখাইনের ঘরবাড়ি। বাঁধের বাইরে খোলা মাঠে উৎপাদিত হচ্ছে লবণ। পাশের ঘাটে নোঙর করা অর্ধশতাধিক মাছ ধরার ট্রলার। ঘাটের পাশের প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে দিনদুপুরে তৈরি হচ্ছে একাধিক স্থাপনা। নির্মাণশ্রমিকেরা বলেন, পাশের জালালাবাদ ইউনিয়নের ফরাজিপাড়ার বাসিন্দা ফখরুদ্দিন কাজল স্থাপনাগুলো নির্মাণ করছেন। কিন্তু একাধিকবার যোগাযোগ করেও এ বিষয়ে ফখরুদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
তবে নির্মাণকাজের তত্ত্বাবধায়ক চৌফলদণ্ডীর আবদুল মালেক বলেন, পাউবো থেকে দীর্ঘমেয়াদি ইজারা নিয়ে বেড়িবাঁধের ওপর স্থায়ী অবকাঠামো নির্মাণ করছেন ফখরুদ্দিন। এতে রাখাইনদের কোনো ক্ষতি হচ্ছে না। রাখাইনরা অন্য এলাকার বেড়িবাঁধে শুঁটকি ও নাপ্পি তৈরি করতে পারেন।
চৌফলদণ্ডী ইউপির চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, ‘পাউবোর বেড়িবাঁধের ওপর স্থায়ী দোকানপাট ও বরফকল তৈরির খবর পেয়েছি। রাখাইনরাও বিষয়টি তাঁকে লিখিতভাবে জানিয়েছেন। এলাকায় ফিরে এ ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন।’ তিনি আরও বলেন, কয়েক যুগ ধরে কয়েক হাজার রাখাইন বেড়িবাঁধের ওপর শুঁটকি ও নাপ্পি উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন। এখানকার নাপ্পি তিন পার্বত্য জেলাসহ সারা দেশের উপজাতীয়দের প্রিয় খাদ্য। রান্নার সময় তরকারিতে নাপ্পি মসলা হিসেবে ব্যবহৃত হয়।
পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান বলেন, বেড়িবাঁধের ওপর অবকাঠামো নির্মাণের অনুমতি তিনি কাউকে দেননি। বেড়িবাঁধ কেটে তৈরি অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের জন্য গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।