বেড়িবাঁধ, গ্রামীণ সড়কেরও ক্ষতি করে ইঁদুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসলের ক্ষতির বাইরে ইঁদুর গ্রামীণ অবকাঠামো, বিশেষ করে বেড়িবাঁধ ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি করে। তবে টাকার অঙ্কে তা এখনো নিরূপণ করা হয়নি।
পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও খাদ্য বিভাগ ইঁদুরের কারণে তাদের তৈরি করা অবকাঠামো ও সম্পদের ক্ষতির বিষয়টি সামনে এনেছে। গ্রীষ্ম মৌসুমে ইঁদুর সাধারণের ফসলের ক্ষেতে ও গ্রামীণ এলাকার বিভিন্ন স্থানে গর্ত করে সেখানে অবস্থান করে। কিন্তু বর্ষা মৌসুমে নিম্নভূমি প্লাবিত হলে এবং ফসলের জমিতে বৃষ্টির পানি পড়লেই ইঁদুর গিয়ে অপেক্ষাকৃত উঁচু স্থানে আশ্রয় নেয়। বেশির ভাগ ক্ষেত্রে উঁচু গ্রামীণ সড়ক, বেড়িবাঁধ ও পুরোনো স্থাপনায় ইঁদুরের দল গিয়ে আশ্রয় নেয়। ওই অবকাঠামোগুলো ফুটো করে ইঁদুর বাসা তৈরি করে।
সরকারি সংস্থাগুলো নিয়মিতভাবে এই বর্ষাকালীন ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে কোনো কার্যক্রম নেয় না। ইঁদুরসহ অন্যান্য কারণে অবকাঠামোগুলোর ক্ষতি হলে কোনো একটি প্রকল্পের মাধ্যমে তারা সেই অবকাঠামো ঠিক করে।
এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক খন্দকার আহসান আলী প্রথম আলোকে বলেন, বর্ষা এলে জোয়ার-ভাটার পানির মতো ইঁদুরও বেড়িবাঁধগুলোর জন্য অভিশাপ হয়ে আসে। জোয়ার ও বর্ষার পানি ফসলের মাঠ ডুবিয়ে দিলে ইঁদুর এসে বেড়িবাঁধ ও গ্রামীণ সড়ক ফুটো করে সেখানে আশ্রয় নেয়। আর ওই ফুটো দিয়ে পানি প্রবেশ করে বেড়িবাঁধ ও সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বছর শেষে ওই মেরামতকাজ করতে করতে বাঁধ ও সড়কের ক্ষতি আরও বড় হয়।