বেড়িবাঁধ ঝুঁকিতে ফেলে চিংড়ি চাষ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার চিংড়িঘের মালিকেরা অবৈধভাবে বাঁধ কেটে পাইপ বসিয়ে নদীর লোনাপানি ঢুকিয়ে চিংড়ি চাষ করছেন। এতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিকাংশ বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বছরের পর বছর এ অবস্থা চললেও পাউবো কর্তৃপক্ষ পাইপ তুলে ফেলা বা সংশ্লিষ্ট ঘেরমালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এতে দুর্বল বাঁধ আরও দুর্বল হয়ে পড়ছে, প্রাকৃতিক দুর্যোগে সহজেই ভেঙে যাচ্ছে। আর মানুষ হয়ে পড়ছে গৃহহীন। ঘেরমালিকেরা পাউবোর একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে বাঁধ কেটে পাইপ বসাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। পাউবোর আশাশুনি উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, উপজেলা পাউবোর বিভিন্ন পোল্ডারের আওতায় প্রায় ১৮৮ কিলোমিটার বাঁধ রয়েছে। ৪ নম্বর পোল্ডারে ৭০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ২৫ কিলোমিটার, ৭/১ নম্বর পোল্ডারে ৩৪ কিলোমিটারের মধ্যে ১০ কিলোমিটার, ৭/২ নম্বর পোল্ডারে ৬০ কিলোমিটারের মধ্যে ৫০ কিলোমিটার এবং ২ নম্বর পোল্ডারে ২৪ কিলোমিটারের মধ্যে ২ দশমিক ২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে এসব বাঁধের পাশে চিংড়ি চাষ চলছে। আশাশুনি উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের হিসাব করণিক মো. আবু হানিফ জানান, আশাশুনি উপজেলায় পাউবোর বাঁধ কেটে তিন শতাধিক স্থানে পাইপ বসিয়ে বিভিন্ন নদী থেকে পানি তোলা হচ্ছে। এ জন্য ৩০-৪০টির অনুমতি রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নদী থেকে পানি তোলার জন্য পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করতে হবে। তদন্তের পর নির্বাহী প্রকৌশলী পাকা নর্দমা (ড্রেন) তৈরির অনুমতি দেন। কিন্তু সেই নর্দমা এমনভাবে করতে হবে যাতে বাঁধের কোনো ক্ষতি না হয়।এলাকাবাসী জানান, অবৈধভাবে বসানো পাইপ তুলে ফেলার জন্য আন্দোলন শুরু হয়েছে। ইতিমধ্যে এ দাবিতে গত ৪ মার্চ উপজেলার শ্রীউলা ইউনিয়নবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। গত শনিবার সরেজমিনে দেখা গেছে, আশাশুনির পুঁইজ্বালা, মাড়িয়ালা, বলাবাড়িয়া, খাজরা, থানাঘাটা, কামালকাটি, ঝাঁপা, চাকলা, চুইবাড়িয়া, পাতাখালী, হরিষখালী, খাজরা, নাগলা, জেলেখালী এলাকার শতাধিক কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নদীর স্রোতে বেড়িবাঁধের অনেক স্থানে তিন-চার ফুট অংশ ভেঙে গেছে। উপজেলার পুঁইজ্বালা গ্রামের বিধুর মণ্ডল জানান, প্রায় ১০০ বিঘা জমিতে তাঁর দুটি চিংড়িঘের রয়েছে। দুটি স্থানে বাঁধ কেটে পাইপ বসিয়ে খোলপেটুয়া নদী থেকে পানি তোলেন তিনি। এর জন্য কোনো অনুমতি নেননি। তবে মাঝেমধ্যে পাউবোর লোক এলে চা-মিষ্টি খাওয়ার খরচাপাতি দেন। তিনি বলেন, তাঁর পাশেই আবদুস সালাম, কার্তিক মণ্ডল, মনি সরকার, ইউনুছ আলী, স্বপন মণ্ডল, মুজিবর রহমান, মিন্টু চৌধুরীসহ অনেকেই তাঁর মতো পানি তুলছেন। চিংড়িঘেরের মালিক দীপঙ্কর বাছাড় জানান, বাঁধ কেটে কয়েক শ পাইপ বসানো হলেও অনুমতি রয়েছে হাতে গোনা কয়েকটির। পাউবো কর্মকর্তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বাঁধ কেটে পানি তোলা হচ্ছে। আশাশুনি পাউবোর সেকশনাল অফিসার (এসও) শাহিনুর রহমান জানান, তিনি সম্প্রতি এখানে যোগদান করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবৈধ পাইপ উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সঙ্গে নিয়ে শিগগির অভিযান শুরু করা হবে।’ আশাশুনির ইউএনও মো. গিয়াস উদ্দিন বলেন, ‘বাঁধ কেটে ১০ হাত অন্তর অন্তর পাইপ বসিয়ে লোনাপানি ওঠানো হচ্ছে। যে কারণে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইতিমধ্যে এসব অবৈধ পাইপ উচ্ছেদ ও অনুমতি ছাড়া যারা পাইপ বসিয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করার জন্য পাউবোর বর্তমান উপবিভাগীয় প্রকৌশলী ও সেকশন অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।’ এর পরও পাউবো এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলে তিনি নিজে অভিযান চালাবেন।