বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা না নিলে সড়ক-বন্দর অবরোধের হুমকি
আগামী চার দিনের মধ্যে পানি নিষ্কাশন ও স্লুইসগেট দিয়ে নদীর পানি ঢোকা বন্ধে বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া না হলে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক অবরোধ এবং ভোমরা বন্দর অচল করার হুমকি দেওয়া হয়েছে।গতকাল সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের জলাবদ্ধ এলাকার মানুষ সংবাদ সম্মেলন করে এ হুমকি দেয়। পরে একই দাবিতে তারা সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে। লিখিত বক্তব্যে জলাবদ্ধতা দূরীকরণ সংগ্রাম কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম বলেন, গত তিন মাসে বৃষ্টিতে সদর উপজেলার বৈকারী, ভোমরা, আলীপুর, শিবপুর ও ঘোনা ইউনিয়নের ৬৫টি গ্রামের প্রায় ৬০ হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে। বসতভিটা ও রাস্তাঘাট থেকে পানি নেমে গেলেও ফসলি জমি এখনো পানির নিচে রয়েছে। জলাবদ্ধতার কারণে এবার আমন ফসল হয়নি। আগামী মৌসুমে বোরো ফসলও অনিশ্চিত হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের নামে অপরিকল্পিতভাবে কেটে দেওয়া শাখরা স্লুইসগেট-সংলগ্ন বেড়িবাঁধ দিয়ে নদীর পানি লোকালয়ে ঢুকছে। ফলে ফসলি মাঠ ও বিল নতুন করে তলিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসককে বিষয়টি অনেকবার জানানোর পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে।সংবাদ সম্মেলনকালে জলাবদ্ধতা দূরীকরণ সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক মুনছুর আহমেদ, মো. আবদুল কাদেরসহ জলাবদ্ধ এলাকার কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন।