বেড়িবাঁধ ভেঙে চট্টগ্রামের উপকূলীয় এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমি নিম্নচাপের প্রভাবে বৃষ্টির কারণে গতকাল চট্টগ্রামের উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। নগরের নিম্নাঞ্চলগুলো হাঁটু পানিতে তলিয়ে গেছে। সাগরে সৃষ্ট জোয়ারের ফলে সমুদ্রের পানি শহরের কিছু এলাকায় ঢুকে পড়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত নগর ও আশপাশের এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়। এ সময় দমকা হাওয়া বয়ে যায়। জোয়ারের সময় সাগরে পানির উচ্চতা অস্বাভাবিক বেড়ে গিয়ে হালিশহর, আগ্রাবাদ, বাকলিয়া, আছদগঞ্জ, খাতুনগঞ্জসহ আশপাশের এলাকা পানিতে ডুবে যায়। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, মৌসুমি নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুটের বেশি জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।আবহাওয়া দপ্তর আরও জানায়, নিম্নচাপটি গত বৃহস্পতিবার রাত নয়টায় পশ্চিমবঙ্গের রাই নদীর কাছ দিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকা অতিক্রম করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এটি স্থলভাগের ওপর আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো এবং বাংলাদেশের উপকূল এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে সাগরও উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আনোয়ারা: গত দুই দিনের প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসে আনোয়ারা উপজেলার বায়পুর ইউনিয়নের তিনটি স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানগুলো হলো, দক্ষিণ সারেঙ্গা, পূর্ব গহিরা ও বার আউলিয়া। এসব ভাঙা অংশ দিয়ে এখন সাগরের পানি যাওয়া-আসা করছে। এ কারণে ওইসব এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়েছে। বাঁশখালী: বাঁশখালীর উপকূলীয় তিনটি ইউনিয়নসংলগ্ন বেড়িবাঁধ ভেঙে সাগরের পানি ঢুকতে শুরু করেছে। ইউনিয়ন তিনটি হলো: ছনুয়া, গন্ডমারা ও খানখানাবাদ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খানখানাবাদের তিনটি গ্রাম। এসব গ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে থইথই করছে। খানখানাবাদের কদমরসুল ইউনিয়ন জামে মসজিদে গতকাল জুমার নামাজ হয়নি। দুপুর পর্যন্ত ওই মসজিদে কোমর সমান পানি জমে থাকায় মুসল্লিরা নামাজ পড়তে পারেননি বলে জানা গেছে। ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বলেন, ‘বেড়িবাঁধ ভেঙে চারটি জায়গা দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে। এতে আমার ইউনিয়নের ছনুয়ারটেক, কুতুবখালী ও শরিপিয়াপাড়ার শতাধিক বাড়ি প্লাবিত হয়।’ খানখানাবাদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর হাফেজ আহমদ বলেন, মৌলভীপাড়া, রোসাঙ্গিরীপাড়া, সন্দ্বীপ্যাপাড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কয়েক শ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। সন্দ্বীপ: সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের প্রায় ২৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়েছে। পানিতে বেড়িবাঁধসংলগ্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল হাই আল মাহমুদ প্রথম আলোকে বলেন, সারিকাইতের কিছু এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে। পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।