সামুদ্রিক জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টিপাতের কারণে কক্সবাজার জেলার সদর, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া উপজেলায় বেড়িবাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব গ্রামের কয়েক লাখ মানুষ। জলোচ্ছ্বাসে শতাধিক ঘর বিধ্বস্ত ও ভেসে গেছে তিন শতাধিক চিংড়িঘের। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে। গতকাল সকাল ১০টায় জোয়ার শুরু হলে জেলা শহরের নাজিরারটেক, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, ফদনারডেইল, উত্তর নুনিয়াছটা এলাকার কয়েক শ ঘরবাড়ি প্লাবিত হয়। ঢেউয়ের তোড়ে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কলাতলী, বড়ছড়া, হিমছড়ি, আদর্শ গ্রামসহ বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। সমুদ্রসৈকতের ডায়াবেটিস হাসপাতাল এলাকা ও সমিতিপাড়ায় দুই শতাধিক ঝাউগাছ উপড়ে পড়েছে।টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া জানান, বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে জালিয়াপাড়া, নাজিরপাড়া, মৌলভিপাড়া, নিলা, হোয়াইক্যং, সাবরাং, আছারবানি, মগপাড়া, নয়াপাড়া, কাটাবুনিয়া, বাজারপাড়া, শাহপরীরদ্বীপ, ঘোলাপাড়াসহ ৪২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, তাঁর এলাকার ধলঘাটা, মাতারবাড়ি, কালারমারছড়া, ঘটিভাঙ্গা ইউনিয়নের ২১টি গ্রাম প্লাবিত হয়েছে। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানান, উপজেলার কাঁকারা, বরইতলী, ফাঁসিয়াখালী, ডুলাহাজারাসহ কয়েকটি ইউনিয়নের ২৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া প্রায় ৪০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও ৫০টির বেশি চিংড়িঘেরে পানি ঢুকেছে।পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া, শরৎঘোনা, পশ্চিমকুল ও উজানটিয়া ইউনিয়নের ফুয়াদটেক এলাকায় বেড়িবাঁধের কয়েকটি অংশ ভেঙে গিয়ে শতাধিক বসতবাড়ি তলিয়ে গেছে। ভেসে গেছে পাঁচটি চিংড়িঘের। পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, বেড়িবাঁধ টেকসই না হওয়ায় সামান্য জোয়ারের পানিতেই তা ভেঙে যাচ্ছে।কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, গত দুই দিনে উপজেলার আলী আকবরডেইল, লেমশীখালী, বড়ঘোপ, কৈয়াবিল, উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের ১৭ কিলোমিটারের বেশি ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ৩০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দিন বলেন, জোয়ারের পানি স্বাভাবিকের ছেয়ে পাঁচ-ছয় ফুট বেড়ে তা বেড়িবাঁধ উপচে গ্রামে ঢুকে পড়ছে। গতকাল পর্যন্ত জলোচ্ছ্বাসে ১২৮টি গ্রাম প্লাবিত হয়ে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার আঘাতে প্রায় ১৩৪ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এসব বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণের জন্য পানি বরাদ্দ চেয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সাড়া নেই। কক্সবাজার আবহাওয়া অফিস সূত্র জানায়, সমুদ্রে সৃষ্ট লঘুচাপটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়ে কক্সবাজার থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে ঝোড়ো হাওয়ার পাশাপাশি জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে। চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌযান ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।