বেড়িবাঁধ ভেঙে ভেসে গেল ২০টি চিংড়ি ঘের
সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলা এলাকায় জোয়ারে বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয়েছে। প্রশাসন বলছে, পানিতে ভেসে গেছে ২০০ বিঘার চিংড়ি ঘের। গ্রামের শতাধিক পরিবার ঘরবাড়ি ছেড়ে উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে। গতকাল শনিবার গভীর রাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধটি ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা আকবর ঢালীর ভাষ্য, রাতে পুরো চাকলা গ্রাম প্লাবিত হয়। রাত থেকে শতাধিক পরিবার উঁচু সড়কের ওপর আশ্রয় নিয়েছে।
আশাশুনির প্রতাপনগর ইউপি সদস্য আব্দুর রউফের ভাষ্য, রাতেই তাঁরা বাড়িঘর ছেড়ে সড়কের ওপর আশ্রয় নিয়েছেন। গ্রামের শতাধিক পরিবার বাড়িঘর ছেড়ে দিয়ে সড়কে আশ্রয় নিয়েছে। আরও দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ছোট-বড় মিলিয়ে ২০০ বিঘা আয়তনের ২০টি চিংড়ি ভেসে গেছে।
আশাশুনি প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের ভাষ্য, কপোতাক্ষ নদের চাকলা বেড়িবাঁধের এক কিলোমিটার জায়গা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা সত্ত্বেও তাঁরা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় গতকাল রাতে প্রায় ২০০ ফুট এলাকা ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আজ ভোর থেকে এলাকার দুই শতাধিক লোককে নিয়ে রিং বাঁধটি সংস্কারের চেষ্টা চলে। কিন্তু জোয়ারে কপোতাক্ষ নদে দুই থেকে তিন ফুট পানি বেড়ে গেছে। প্রচণ্ড জোয়ারে পানির চাপে রিং বাঁধ ভেঙে আজ দুপুর ১২টা থেকে আবার লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। তিনি আরও বলেন, এই ভাঙনের ফলে শুভাদ্রাকাটি, তালতলা, রায়েরবিলসহ নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, আশাশুনি উপজেলার জেলেখালী দয়ারঘাট ও মনিপুর এলাকার বেড়িবাঁধেও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে সেখানে বাঁধ ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।