বেড়িবাঁধ ভেঙে শাহপরীর দ্বীপ বিচ্ছিন্ন, নৌকায় পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ ভাঙনের ফলে আরও ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে ২৫ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সরেজমিনে গতকাল সোমবার দেখা গেছে, জোয়ারের পানিতে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের ভরাখাল নামক কালভার্ট থেকে উত্তরপাড়া পর্যন্ত ডুবে গেছে। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে বড় বড় ভাঙন সৃষ্টি হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের অটোরিকশাচালক নুর কালাম বলেন, ‘সকালে যাত্রী নিয়ে টেকনাফ আসি, দুপুরের যাওয়ার সময় সড়ক ডুবে যাওয়ায় আটক পড়ে আছি।’ নৌকায় পারাপারকারী আবদুল হামিদ ও নুরুল আলম বলেন, ‘তিন দিন ধরে জোয়ারের পানিতে রাস্তা ডুবে যেতে দেখি। তখন মাছ ধরার তিনটি নৌকা নিয়ে আসি। আজ হঠাৎ করে জোয়ারের পানি আগের চেয়ে দুই-তিন ফুট বেড়ে গিয়ে রাস্তা ভেঙে যায়। তখন শ্রমিক দিয়ে জনপ্রতি ১০ টাকা করে নিয়ে লোকজন পারাপার করে সেবা দিয়ে যাচ্ছি।’ শাহপরীর দ্বীপ উত্তরপাড়া গ্রামের গৃহবধূ সখিনা বেগম হতাশ হয়ে বলেন, ‘স্বামী বিদেশ থাকার কারণে রমজান মাসের বাজার করার জন্য সকালে টেকনাফ বাজারে গিয়েছিলাম। বাজার করে ফেরার সময় দেখি রাস্তা ডুবে শাহপরীর দ্বীপ বিচ্ছিন্ন হয়ে গেছে। লোকজন নৌকায় পারাপার হচ্ছে।’ মিস্ত্রিপাড়ার বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অসুস্থ মাকে হাসপাতালে নিতে পারছি না। জোয়ারের পানি কমে গেলে হাসপাতালে নিয়ে যাব বলে অপেক্ষা করছি।’ সড়ক ও জনপথ বিভাগ (সওজের) কক্সবাজার কার্যালয় টেকনাফের উপসহকারী প্রকৌশলী মো আবদুর রশিদ বলেন, বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায় টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি একাধিক স্থানে সড়ক ভেঙে গেছে। তাই পানি নেমে না যাওয়া পর্যন্ত মেরামত করা সম্ভব হচ্ছে না। পাউবো টেকনাফ অঞ্চলের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, বেড়িবাঁধের বিভিন্ন স্থানে নতুন নতুন ভাঙন সৃষ্টি হওয়ায় বঙ্গোপসাগরসংলগ্ন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক মিয়া বলেন, বঙ্গোপসাগরসংলগ্ন বেড়িবাঁধের ভাঙনের অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে ২৫ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।