বেড়িবাঁধ ভেঙে সাত গ্রাম প্লাবিত
অমাবস্যার প্রভাবে রামনাবাদ নদীর পানি বৃদ্ধি ও ঢেউয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের প্রায় ২০০ ফুট ছুটে গিয়ে সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার থেকেই ঢেউয়ের বাঁধ ভাঙতে শুরু করে। গতকাল বৃহস্পতিবার সকালের জোয়ারে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে পাশের নাওয়াপাড়া, নয়াকাটা, মুন্সিপাড়া, চৌধুরীপাড়া, ছোট পাঁচ নং, চান্দুপাড়া, চারিপাড়া গ্রাম প্লাবিত হয়। ইতিমধ্যে লবণপানি প্রবেশ করে গ্রামবাসীর ৩৫০ একর জমি নিমজ্জিত হয়েছে। অন্যদিকে রামনাবাদ নদীর ঢেউয়ের ফলে বাঁধের চারিপাড়া, চৌধুরীপাড়া ও নাওয়াপাড়া এলাকায় ৪০০ ফুট বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। এখান থেকে বাঁধ ছুটে গেলে পাশের মঞ্জুপাড়া, বড় পাঁচনং, বানাতিবাজার, কলাউপাড়া গ্রাম নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বাঁধসংলগ্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাঁধসংলগ্ন সাতটি গ্রামের মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছে। বহু কৃষকের বসতবাড়ি, পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। দিনের চেয়ে রাতের জোয়ারে বেশি পানি হওয়ার আশঙ্কায় গ্রামের অনেকে শিশুদের নিয়ে অন্য গ্রামের নিকটাত্মীয়দের বাড়ি চলে যেতে শুরু করেছে। কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার ও লালুয়া বেড়িবাঁধের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, গাজীর খাল এলাকায় জরুরি ভিত্তিতে অস্থায়ী বেড়িবাঁধ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে দুই ধরনের সিসি ব্লক দিয়ে হার্ড পয়েন্টগুলো রক্ষার পদক্ষেপ নেওয়া হয়েছে।