বেড়িবাঁধ ভেঙে ৩০০ পরিবার গৃহহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলায় এক রাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের দুটি স্থান ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এতে নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার তিন গ্রামের কমপক্ষে সাড়ে ৩০০ পরিবার। প্রবল জোয়ারে গত বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের গাববুনিয়া এবং মহারাজপুর ইউনিয়নের দশাহালিয়ায় বাঁধ ভেঙে প্রবল বেগে নদীর পানি ঢুকে গ্রামগুলো তলিয়ে যায়। গতকাল শুক্রবার সকাল থেকে এলাকাবাসী এবং একটি বেসরকারি সংস্থার লোকজন চেষ্টা চালিয়েও পানি আটকাতে ব্যর্থ হয়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান, পাউবোর ১৩-১৪/২ নম্বর পোল্ডারের গাববুনিয়া গ্রামের দক্ষিণ পাশে প্রায় ১০০ মিটার এবং দশাহালিয়া গ্রামের পশ্চিম পাশে প্রায় ৫০ মিটার বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢোকে। বছর খানেক আগে ওই এলাকার ভাঙা বাঁধ মেরামত করা হয় বলে কয়েকজন গ্রামবাসী জানান। গ্রামবাসী জানান, লোকজন জিনিসপত্র নিয়ে পাশের বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছে। গাববুনিয়া গ্রামের ৩৯টির মতো পরিবার বৃহস্পতিবার রাত থেকে বাঁধের ওপর খোলা আকাশের নিচে অবস্থান করছে। উত্তর বেদকাশি ইউপির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, গাববুনিয়া গ্রামটির দুই পাশ দিয়ে বয়ে যাওয়া শাকবাড়িয়া ও কপোতাক্ষ নদের ভাঙনে উত্তর বেদকাশি ও মহারাজপুর ইউনিয়নের চারটি গ্রাম তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া গাববুনিয়া, গাজীপাড়া, কাঠকাটা ও শেখসরদারপাড়া গ্রাম প্রায় সাড়ে ৩০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলিউজ্জামান বলেন, ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। পোল্ডারের এই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আজ শনিবার ভাঙন এলাকায় রিংবাঁধের কাজ শুরু করা হবে। কয়রা উপজেলা চেয়ারম্যান জি এম মোহসীন রেজা জানান, কয়েকটি বেসরকারি সংস্থার সহযোগিতায় লোকজন স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে। শনিবার থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধের কাজ আরও করা হবে। আশ্রয়হীন লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।