বেড়িবাঁধ ভেঙে ৩২ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার আইলাদুর্গত দাকোপ উপজেলার বেঁড়িবাধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। বর্তমানে বাঁধের পাঁচটি অংশ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এসব অংশ যেকোনো সময় ভেঙে গিয়ে বেড়িবাঁধসংলগ্ন উপজেলার ৩২টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খরস্রোতা শিবসা, পশুর, ভদ্রা, মাঙ্গা ও চুনকুড়ি নদীর পাশ দিয়ে নির্মিত বেড়িবাঁধের দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের কালীনগর বাজার এলাকা ও রেখামারি গ্রাম, দাকোপ ইউনিয়নের পোদ্দারগঞ্জ খেয়াঘাট, পানখালি ইউনিয়নের মৌখালি ও তিলডাঙ্গা ইউনিয়নের মোজামনগর এলাকার অংশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকায় বেড়িবাঁধে এখন মাত্র দু-এক ফুট মাটি আছে। যেকোনো সময় তা ভেঙে গিয়ে আশপাশের গ্রাম প্লাবিত হতে পারে।এ ছাড়া উপজেলার সুতরখালি ইউনিয়নের দক্ষিণ কালাবগি ও পণ্ডিতচন্দ্র স্কুলের সামনে, পানখালি ইউনিয়নের মৌখালি খেয়াঘাট, হোগলাবুনিয়া গাজীবাড়ি, পানখালি ফেরিঘাট, লক্ষ্মীখোলা বাজার, বড়খলিসা স্লুইচগেট, খোনারাবাদ ইটভাটা, তিলডাঙ্গা ইউনিয়নের ঝালবুনিয়া স্লুইচগেট, কামিনিবাসিয়া রাসখোলা, মোজামনগর-বটবুনিয়া বাজার, তেঁতুলতলাসহ বেশ কিছু এলাকায় বেড়িবাঁধে ভাঙন অব্যাহত রয়েছে।কালীনগর গ্রামের কালীপদ মণ্ডল বলেন, বেড়িবাঁধের ভাঙন সম্পর্কে পাউবো কর্তৃপক্ষ অবগত থাকলেও তারা এখনো কোনো ব্যবস্থা নেয়নি। বাঁধ এলাকায় বসবাসরত নলিয়ন গ্রামের আলেক গাজী বলেন, ‘সর্বনাশা আইলা আমার ঘরবাড়ি জায়গা-জমি সবই নিয়ে গেছে। তাই পরিবার নিয়ে কোনো রকমে এই বাঁধের ওপর আছি। কখন যে এই ঘরও নদীতি যাবেনে, তাই ভাবতিছি।’কামারখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উমা শংকর রায় বলেন, ‘কালীনগর বাজারের উত্তর পাশে, দাকোপ ওয়াপদা কার্যালয়ের কাছে ও জালিয়াখালি এলাকায় বেড়িবাঁধের অবস্থা ভয়াবহ। পাউবো বলছে তাদের কোনো বাজেট নেই। তাই এখন আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। কখন যে কী হয়, বলা যাচ্ছে না।’বাণীশান্তা ইউপির চেয়ারম্যান সুদেব রায় বলেন, বাণীশান্তা বাজার, পুলিশ ক্যাম্প ও খ্রিষ্টানপাড়া এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পাউবোর দাকোপ উপজেলার শাখা কর্মকর্তা আনোয়র হোসেন বলেন, আইলার পর থেকে সব নদীতে স্রোত বেড়েছে। এ কারণে বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে কালীনগর, রেখামারি, দাকোপ, মোজামনগর, মৌখালি এলাকায় বেড়িবাঁধ যেকোনো সময় ভেঙে যেতে পারে। সেখানে বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে না পারলেও সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।দাকোপ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাস বলেন, মৌখালি, পানখালি, চালনাবাজারসহ বিভিন্ন স্থানে বাঁধে ভাঙন চলছে। বরাদ্দ না থাকায় বাঁধটি সংস্কার করা সম্ভব হচ্ছে না।