বেড়িবাঁধ মেরামত হয়নি বাসিন্দারা দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাঁধ ভাইঙা লবণ পানি হান্দনে মোগো স্বপ্নডাও শ্যাষ অইয়া গ্যাছে। লবণ পানিতে এই বছর মোগো কপালডাই পুইড়্যা গ্যাছে। চাষবাস কইর‌্যা যে খামু হেই রহম অবস্থাও নাই।’ কথাগুলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের কৃষক মো. মোয়াজ্জেম হোসেনের। তাঁর মতো ইউনিয়নের ১২ গ্রামের মানুষ এক মাসের বেশি সময় ধরে লোনা পানিতে বন্দী।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কলাপাড়া কার্যালয় জানায়, রামনাবাদ নদীঘেঁষা লালুয়া ইউনিয়নের জনজীবন রক্ষার্থে বিশ্বব্যাংকের অর্থায়নে বাঁধ নির্মিত হয়। ওই বাঁধ মেরামতের জন্য প্রথম দফায় ২০১০-২০১১ অর্থবছরে ১৪ কোটি ৪১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১২ সালের ২৫ মে এই কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ১৩ মে কাজের সময়সীমা আরও এক বছর বাড়ানো হয়। এরই মধ্যে অতিরিক্ত জোয়ার ও ১৬ মে ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে বাঁধটির বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে নাওয়াপাড়া ও চাড়িপাড়ায় কমপক্ষে ৮০০ ফুট বাঁধ ভেঙে গেছে।ঘূর্ণিঝড়ের আড়াই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। আর এক মাস ধরে জোয়ারের জলোচ্ছ্বাসে বাঁধের নতুন নতুন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে ইউনিয়নের চৌধুরীপাড়া, ছোট পাঁচ নং, বড় পাঁচ নং, মুন্সীপাড়া, হাসনাপাড়া, মঞ্জুপাড়া, চান্দুপাড়া, কালাউপাড়া, এগার নং হাওলা, ধনজুপাড়া, বানাতিপাড়া ও চাড়িপাড়া গ্রাম। ভাটার সময় কিছু পানি নামলেও জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। লোনা পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রোপা আমন।লালুয়ার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, পানিতে তলিয়ে গেছে ফসলি জমি। ইউনিয়নের অভ্যন্তরীণ চলাচলের পথও পানির চাপে ভেঙে যাচ্ছে। চাড়িপাড়া, নাওয়াপাড়া ও চৌধুরীপাড়া গ্রামে বন্যানিয়ন্ত্রণ বাঁধে অনেক ব্যক্তি পরিবারসহ আশ্রয় নিয়েছেন।চৌধুরীপাড়া গ্রামের সফেজ উদ্দিন হাওলাদার জানান, রামনাবাদ নদীর পানির চাপে বাঁধের পাশে তাঁর, রুবেল হাওলাদার, নাসির সিকদার, রিয়াজ হাওলাদার, রবিউল হাওলাদারের দোকানঘর ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। নাওয়াপাড়া, চান্দুপাড়া, ছোট পাঁচ নং, বড় পাঁচ নং, ধনজুপাড়া, নয়াকাটা, মুন্সীপাড়া গ্রামেরও জনজীবন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে।যোগাযোগ করলে লালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর তারিকুজ্জামান বলেন, ইউনিয়নের হাজার হাজার মানুষের রাত আর দিন কাটছে চরম কষ্টের মধ্য দিয়ে। ঘূর্ণিঝড় মহাসেনে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হলে আজ এ দুরবস্থা হতো না। এ ব্যাপারে পাউবোর সঙ্গে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। লোনা পানি ঢোকায় লালুয়ার গ্রামগুলোর জমিতে এবার আর ফসল আবাদ করা যাবে না বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মসিউর রহমান। তিনি বলেন, ‘লোনা পানিতে চারা রোপণ করলেও মারা যাবে। বাঁধটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য এরই মধ্যে উপজেলা প্রশাসনসহ পাউবোকে বলেছি।’কলাপাড়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল বাশার প্রথম আলোকে জানান, পুরো বাঁধ সংস্কারের জন্য বিশ্বব্যাংকের লোকজন জরিপের কাজ শুরু করেছে। এরপর প্রাক্কলন করে দরপত্র আহ্বান করা হবে। আগামী মাসের মধ্যে বাঁধের কাজ শুরু হয়ে যাবে বলে আশা করা যায়।