বেড়িবাঁধ রক্ষার দাবি

ঢাকার নবাবগঞ্জের কাঁশিয়াখালী বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে উপেজলার সোনাবাজু বাজারে বেড়িবাঁধের ওপর এই মানববন্ধন করা হয়। ‘ভেঙে গেলে বেড়িবাঁধ, স্বপ্ন হবে ধূলিসাৎ’ স্লোগানে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বেড়িবাঁধ রক্ষার জন্য বাঁধের দুই পাশে এক লাখ জিও ব্যাগ ফেলার দাবি জানান এলাকাবাসী। এ ছাড়া বাঁধটিতে ছয়টি জলকপাট (স্লুইসগেট) নির্মাণেরও দাবি জানানো হয়। পরে বাঁধের সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালানো হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আলীমুর রহমান খান, বাঁধ রক্ষা মঞ্চের আহ্বায়ক মো. আফসার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ ১২ জুলাই পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করেন। তখন পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে বেড়িবাঁধ সংস্কারের আশ্বাস দেন স্থানীয়দের। তবে গত ১০ দিনেও কাজ শুরু না হওয়ায় গতকাল ক্ষোভে রাস্তায় নেমে আসে এলাকার মানুষ। দলমত-নির্বিশেষে গঠন করা হয় কাঁশিয়াখালী বেড়িবাঁধ রক্ষা মঞ্চ।