বেড়িবাঁধ সংস্কার না করায় ৩০ গ্রামের মানুষ আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া ও গলাচিপা উপজেলার চারটি ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের পাঁচ কিলোমিটার নদীগর্ভে বিলীন এবং আরও ১৩ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বেড়িবাঁধ মেরামত না করায় ৩০টি গ্রামের ২০ হাজারের বেশি মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এদিকে বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ার-ভাটায় লবণাক্ত পানি চলাচল করায় চলতি বছর প্রায় ৪০ হাজার হেক্টর জমির আমন ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছে কলাপাড়ার লালুয়া ও মহিপুর ইউনিয়ন এবং গলাচিপার চরকাজল ও চরআন্ডা ইউনিয়নের বাসিন্দারা। লালুয়ার চৌধুরীপাড়া এলাকার কৃষক আছমত আলী বলেন, ‘আমাদের ফসলি জমিতে লবণাক্ত পানি ঢুকছে। সামনে অমাবস্যা-পূর্ণিমার জোয়ারের স্রোতে বাঁধ আরও ভাঙবে, সেই সঙ্গে আশপাশের আরও গ্রামের কৃষি খেত ডুইব্যা যাইবে লোনা পানিতে।’ একই ধরনের কথা বলেন, সুলতান হাওলাদার, আলতাফ হোসেন ও মজিদ সিকদারসহ কয়েকজন।স্থানীয় জনগণ ও কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কলাপাড়া ও গলাচিপায় ১৩টি পোল্ডারে প্রায় ৪০৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ করা হয়। ইতিমধ্যে এই বেড়িবাঁধের চারটি এলাকায় পাঁচ কিলোমিটার মূল বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৩ কিলোমিটার বাঁধ। এর মধ্যে গলাচিপার চরকাজল ইউনিয়নে ৫৫/৩ পোল্ডারের বেড়িবাঁধের লঞ্চঘাট এলাকা ও চর মহিউদ্দিন এলাকায় দেড় কিলোমিটার বাঁধ বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিন কিলোমিটার বাঁধ। কলাপাড়ার লালুয়া ইউনিয়নের ৪৭/৫ পোল্ডারের গাজীরখাল ও মুন্সিপাড়াসহ চারটি স্থানে দুই কিলোমিটার বাঁধ রামনাবাদ নদীতে বিলীন হয়েছে এবং আরও পাঁচ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। লালুয়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বিশ্বাস জানান, এ বাঁধ নির্মাণ ও ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের জন্য পটুয়াখালী জেলা প্রশাসক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে লিখিতভাবে অবহিত করা হয়েছে। মহিপুর ইউনিয়নের ৪৭/১ পোল্ডারের নিজামপুর গ্রামসংলগ্ন আধা কিলোমিটার মূল বাঁধ আন্ধারমানিক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকির মধ্যে রয়েছে আরও দুই কিলোমিটার বাঁধ। মহিপুর ইউপি চেয়ারম্যান মালেক আকন বলেন, উচ্চ জোয়ারের জলোচ্ছ্বাসে আন্ডারচর এলাকায় এক কিলোমিটার বেড়িবাঁধ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকির মধ্যে রয়েছে আরও তিন কিলোমিটার বেড়িবাঁধ। পাউবোর কলাপাড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শফিউদ্দিন বলেন, ভেঙে বিলীন হয়ে যাওয়া বাঁধ মেরামত করা সম্ভব হবে না। নতুন করে বাঁধ নির্মাণ করতে হবে। তা এই বর্ষা মৌসুমে সম্ভব নয়। তবে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য ১৩ কোটি টাকা প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে।