বেড়িবাঁধ সংস্কারে প্রয়োজন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) আয়োজিত তৃতীয় জলবায়ু শুনানি। এতে বিশেষজ্ঞদের পাশাপাশি অংশ নেন প্রান্তিক পর্যায়ের লোকজন। যারা জলবায়ু পরিবর্তনের সৃষ্ট বিপর্যয়ে বিপর্যস্ত জীবন যাপন করছেন—অনেকে বয়ে বেড়াচ্ছেন দুঃসহ স্মৃতি।

তেমনই একজন আতিয়ার রহমান। এসেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন থেকে। তিনি জলবায়ু পরিবর্তন ও প্রকৃতির বৈরিতার কারণে তার বিপন্নতার চিত্র তুলে ধরেন। বলেন, ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় তার বাড়িঘর সব ভেঙে যায়, ফসল তলিয়ে যায়। ফলে জীবিকার তাগিদে তিনি সুন্দরবনে মাছ ধরতে যান। সেখানে গিয়ে বাঘের আক্রমণে পড়ে তাঁর এক চোখ ও শরীরের একাংশ গুরুতর জখম হয়। তাঁর একমাত্র ছেলে যশোরে ছয় মাস কাজ করেন, বাকি ছয় মাস বাড়িতে এসে অসুস্থ অবস্থায় পড়ে থাকেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা তিনি পাননি। কোথায় তা পাওয়া যায়, তা–ও তিনি জানেন না।

গাইবান্ধা থেকে আসা দিলরুবা পারভিন বলেন, তাঁদের এলাকায় গত বছর পর পর তিনটি বন্যায় বেশির ভাগ মানুষের ফসল নষ্ট হয়ে গেছে। বাড়িঘর ভেঙে গেছে। বাঁধ থাকলেও তা উপচে গ্রাম ও শহরে পানি ঢুকে পড়ছে।

বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিদের বক্তব্যে উঠে আসে ষাটের দশকে নির্মিত বেড়িবাঁধগুলোর ভঙ্গুর অবস্থার কথা। এসব বাঁধ বর্তমানে দেশের উপকূলীয় জীবন–জীবিকাকে রক্ষা করতে পারছে না। একের পর এক দুর্যোগে ভাঙন লেগেই আছে। তাঁদের অভিযোগ, স্থানীয় লোকজনের এসব বাঁধ নির্মাণ, তদারকি ও মেরামতে যুক্ত করা হচ্ছে না।

এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, দেশের বেশির ভাগ এলাকায় ইউনিয়ন পরিষদ ভবন হয়েছে। কিন্তু সেখানে কোনো জনবল নেই। কেউ সেখানে গেলে কাউকে পায় না। ফলে স্থানীয় পর্যায়ে যে উন্নয়নকাজগুলো হচ্ছে, তাতে স্থানীয় সরকারকে যুক্ত করার ইচ্ছা থাকলেও তা সম্ভব হচ্ছে না।

অনুষ্ঠানে প্যানেল বিশেষজ্ঞ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, উপকূলীয় বেড়িবাঁধগুলোর আয়তন চার থেকে পাঁচ মিটার। কিন্তু জলোচ্ছ্বাসের উচ্চতা ছয় মিটার। এ কারণে মাঝারি জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা ডুবে যাচ্ছে। সরকার ১৩৯টি বেড়িবাঁধের মধ্যে ১৭টি মেরামত করার উদ্যোগ নিয়েছে। কিন্তু ওই তালিকায় শ্যামনগর, কয়রার মতো এলাকার বেড়িবাঁধ নেই। কিন্তু বেড়িবাঁধ নির্মাণের অগ্রাধিকারের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাকে গুরুত্ব দেওয়া হয়েছে, কারিগরি সিদ্ধান্তকে আমলে নিলে শ্যামনগর ও কয়রা উপজেলার বাঁধ আগে মেরামত করা দরকার।

অনুষ্ঠানে জুরিবোর্ডের পক্ষে সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ দ্রুতগতিতে উন্নয়ন করছে। কিন্তু সেই উন্নয়নের ছোঁয়া দেশের প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দিতে হবে। সরকার দেশে পিছিয়ে পড়া ১৬টি গ্রুপকে চিহ্নিত করে তাদের উন্নয়নের উদ্যোগ নিয়েছে। ওই তালিকায় দেশের উপকূলীয় এলাকা ও নদী তীরবর্তী মানুষদের অন্তর্ভুক্ত করতে হবে।

অনুষ্ঠানে জুরিবোর্ডের সদস্য বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, দুর্নীতি হচ্ছে’। এসব কথা শুধু চিৎকার করে বললেই হবে না। এ জন্য প্রতিটি এলাকায় নাগরিক কমিটি গড়ে তুলতে হবে। বেড়িবাঁধ মেরামতে দুর্নীতি হলে তাতে বাধা দিতে হবে। কাজ ঠিকমতো হচ্ছে কি না, তা তদারকি করতে হবে।

জাতিসংঘের সবুজ জলবায়ু তহবিলের স্বাধীন কারিগরি দলের সদস্য আহসান উদ্দিন আহমেদ বলেন, ‘শুধু জলবায়ু পরিবর্তনের কারণে বেড়িবাঁধগুলো নষ্ট হচ্ছে তা নয়। চিংড়ি চাষের কারণে বাঁধগুলো ফুটো করে লবণপানি ঢোকানো হচ্ছে। ঝড়ে বাঁধ ভেঙে গেলে তা সঠিকভাবে মেরামত করা হচ্ছে না। আমাদের এ বিষয়গুলোকেও আমলে নিতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিএসআরএলের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমেদ শুনানি থেকে আসা সুপারিশগুলো তুলে ধরে বলেন, সংবিধান ও দেশের দুর্যোগ আইন অনুযায়ী বেড়িবাঁধগুলো সংস্কারে কার্যকর উদ্যোগ নিতে হবে। বেড়িবাঁধসহ প্রতিটি গ্রামীণ অবকাঠামো মেরামতে স্থানীয় সরকারকে যুক্ত করতে হবে।

সিএসআরএলের সদস্যসচিব জিয়াউল হক মুক্তার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক আতিক রহমান, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবা নাসরিন, খুলনার কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম শফিকুল আসলাম, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ মণ্ডল, গাইবান্ধা পৌরসভার কাউন্সিলের দিলরুবা পারভিন।