পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার বেড়িবাঁধ সংস্কারের জন্য ৫০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর এলাকায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এর আগে দুপুরে মন্ত্রী স্পিডবোটে করে মহেশখালী, পেকুয়া ও চকরিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ঘুরে দেখেন।
লক্ষ্যারচরের সভায় ‘মাতামুহুরী নদী খনন করে চকরিয়াবাসীকে বন্যা থেকে রক্ষা করুন,’ ‘ব্লকযুক্ত বেড়িবাঁধ চাই, বন্যা থেকে রক্ষা চাই’ ইত্যাদি স্লোগান-সংবলিত ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে হাজির হন। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় পার্টির সাংসদ মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক ও লক্ষ্যারচর আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম।
এর আগে চকরিয়া উপজেলার কন্যারকুম এলাকায় আরেকটি আলোচনা সভায় বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হকের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম।