অ্যালুমিনিয়ামের সরায় মাঝারি আকারের ২০টি শিং মাছ। অল্প পানিতে লাফালাফি করছে। কৌতূহলী কয়েকজন ক্রেতা সে দৃশ্য দেখছেন। তাঁদের মধ্য থেকে একজন বিক্রেতার কাছে মাছগুলোর দাম জিজ্ঞেস করলেন। বিক্রেতা দাম বলার সঙ্গে সঙ্গে ক্রেতাদের মধ্যে হইচই পড়ে গেল। কেউ বলছেন, ‘এত দাম!’ কেউ বলছেন, ‘তাজা মাছ, দরদাম করে দেখি।’ মিনিট দশেকের মধ্যে একজন ক্রেতা মাছগুলো কিনে নিলেন।
ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তর পাশে, মিরপুর ইস্টার্ন হাউজিং লিমিটেডের পশ্চিমে স্লুইসগেট বেড়িবাঁধের এই মাছের বাজারে ক্রেতা-বিক্রেতার দরদামের এমন দৃশ্য অনেকের পরিচিত। এখানে ঠিকা দরে মাছের আকার ও পরিমাণ অনুযায়ী চোখের আন্দাজে মাছ কেনেন ক্রেতারা।
কয়েকজন খুচরা ও পাইকারি ব্যবসায়ী জানান, এ বাজারে আছে প্রায় ৩০টি খুচরা দোকান এবং গোরাইন চটবাড়ী স্লুইসগেটে পাইকারি মাছের আড়ত। বিক্রি হয় বরফ ও ফরমালিনমুক্ত তাজা মাছ। চাষ করা বা খামারের মাছ বিক্রি হয় না। নদী, খাল, ঝিল, বিল, নালাসহ বিভিন্ন প্রাকৃতিক জলাশয় থেকে আহরিত মাছ এ বাজারে ওঠে। মাছ আসে ঢাকার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত লোকই এখানকার মূল ক্রেতা। মাঝেমধ্যে সাধারণ ক্রেতারাও আসেন।
ক্রেতাদের একজন জাহিদুর রহিম বলেন, ‘এখান থেকে নিয়মিতই মাছ কিনি। টাটকা মাছ পাওয়া যায়। সপ্তাহে এক দিন এসে বেশি করে কিনে রাখি। সারা সপ্তাহ চলে।’
গত শুক্রবার বেড়িবাঁধ ইস্টার্ন হাউজিং গেট থেকে মহাসড়ক ধরে পশ্চিম দিকে কিছু দূর গেলে উত্তর পাশে চোখে পড়ে এই মাছের বাজার। সেখানে টেবিলের ওপরে অ্যালুমিনিয়ামের বড় বড় সরায় বিভিন্ন ধরনের মাছ পানি দিয়ে জিইয়ে রাখা হয়েছে। পাশে প্লাস্টিকের চৌবাচ্চায় জিইয়ে রাখা বড় বড় কার্প ও দেশি মাছ। ক্রেতা-বিক্রেতার দরদাম চলছে। জেলেরা মাছ এনে পাইকারি দরে বিক্রি করছেন। পাশে আছে পাঁচটি তাজা সবজি ও ফলের দোকান। ঢাকার বিভিন্ন এলাকা থেকে লোকে ব্যক্তিগত গাড়িতে করে মাছ কিনতে এসেছেন।
জানা গেছে, তুরাগ নদ ও বুড়িগঙ্গা নদী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, আশুলিয়া, কুমিল্লা, ময়মনসিংহ, গাজীপুর, টঙ্গী, সাভার, পাবনার বেড়া বাজার, ত্রিশাল, বিরুলিয়া, কুন্ডাসহ নানা জায়গা থেকে এখানে মাছ আসে। পাওয়া যায় পাঙাশ, কয়েক জাতের চিংড়ি, শিং, দেশি মাগুর, পাবদা, শোল, কই, তেলাপিয়া, গুলশা, টেংরা, বাইন, পুঁটি, মলা, রুই, কাতলা, মৃগেল, কালবাউশসহ নানা জাতের কার্প, বোয়াল, আইড়, চাপিলাসহ নানা ধরনের মাছ।