বেড়িবাঁধে ফাটল, ফসল-ঘের প্লাবিত হওয়ার আশঙ্কা
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ইছামতী নদীর খারহাট এলাকায় বেড়িবাঁধের ৩০০ মিটারে ফাটল দেখা দিয়েছে। ঠিকাদার যথাসময়ে সংস্কারকাজ শেষ করতে না পারায় এবং পানির চাপে ওই স্থানে শনিবার রাতে ফাটল দেখা দেয়। এ কারণে বাঁধের ওই অংশ ভেঙে কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার ১৫-২০টি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কালীগঞ্জ উপজেলার খার গ্রামের আবুল হাসান ও আবদুল গনি জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই শনিবার রাত আটটার দিকে খারহাটের বেড়িবাঁধে ফাটল দেখা দেয়। বর্তমানে ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। এ অবস্থায় যেকোনা মুহূর্তে বাঁধ ভেঙে খারহাট, কামদেবপুর, শুইলপুর, বাঁগবাটি, দাঁদপুর ভাড়াশিমুলিয়, কারবালা, সাদপুর, সেহেরা, নারায়ণপুর, দেবহাটা উপজেলার খাঞ্জিয়া, বসন্তপুর, নাংলা, টাউনশ্রীপর খেজুরবাড়িয়া ও নওয়াপাড়া গ্রামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতে পারে। এতে ভেসে যেতে পারে কয়েক হাজার একর জমির ফসল, চিংড়িঘের ও পুকুর। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাতক্ষীরা কার্যালয় সূত্রে জানা গেছে, ষাটের দশকে সদর উপজেলার শ্যামনগর পর্যন্ত ভাঙনকবলিত এলাকায় ১০০ কিলোমিটারে বাঁধ নির্মাণ করা হয়। ২০১১ সালের জানুয়ারিতে খারহাট স্লুইসগেটের পাশ থেকে ভাঙনকবলিত ৩০০ মিটার বাঁধ সংস্কারের জন্য পাউবো দুই কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেয়। কাজটি পায় সাতক্ষীরার ঠিকাদার শফিকুল ইসলাম। ২০১১ সালের ১৫ এপ্রিল শফিকুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বাঁধ সংস্কারের জন্য ব্লক নির্মাণের কাজ শুরু করেন। দরপত্রের শর্ত অনুযায়ী সব মিলিয়ে বিভিন্ন আকারের প্রায় ৬৫ হাজার ব্লক নির্মাণ করার কথা। এ ছাড়া নদীতে জিও ব্যাগ ফেলারও কথা আছে। ওই বছরের ২৮ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও তিন মাস সময় বাড়ানো হয়। দ্বিতীয় বর্ধিত সময় পার হওয়ার পর ছয় মাস পেরিয়ে গেলেও বাঁধ সংস্কারের কাজ শেষ হয়নি। ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহামঞ্চদ জানান, খারহাট এলাকার বাঁধ সংস্কারে বিলম্বের বিষয়টি পাউবোর সাতক্ষীরার কর্মকর্তাদের জানানো হয়েছে।পাউবোর কালীগঞ্জের সেকশন অফিসার (এসও) আজাদ হোসেন জানান, ২০১১ সালের এপ্রিল মাসে শুরু হওয়া ব্লক নির্মাণের কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে। বর্তমানে বাঁধের অবস্থা এতই খারাপ যে জোয়ারের সময় বাতাস উঠলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঠিকাদার শফিকুল ইসলাম দাবি করেন, ইতিমধ্যে ওই কাজের ৮০ ভাগ শেষ হয়ে গেছে। বর্তমানে আর মাত্র চার হাজার ব্লক তৈরি ও বসানোর কাজ বাকি আছে। এর জন্য সর্বোচ্চ এক মাস সময়ের বেশি লাগানোর কথা নয়। তিনি জানান, জোয়ারের কারণে বাঁধের একটি অংশের মাটি সরে গেছে। ওই স্থান মাটি দিয়ে অটকানোর চেষ্টা চলছে। ঠিকাদার আরও জানান, দুই কোটি ৮৫ লাখ টাকার এ কাজ শেষ হওয়ার পথে। তিনি এ পর্যন্ত দুই কিস্তিতে ৫০ লাখ টাকার আংশিক বিল পেয়েছেন। তহবিলে টাকা না থাকায় বিল দেওয়া যাচ্ছে না বলে কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে। বিল না পেলে কাজ শেষ করা সম্ভব হবে না।পাউবোর সাতক্ষীরা কার্যালয়ের ১ নম্বর বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।