বেড়িবাঁধে ফাটল ঝুঁকিতে ছয় গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাগো মতো নদী-সাগর পাড়ের মাইনষের (মানুষের) ভরসাই হইল অপদা বান (বেড়িবাঁধ)। বইন্যার সময় এই বানই আমাগো পানিতে ভাসাইয়া নেওয়ার হাত থেইক্যা বাঁচায়। হেই বানেরই এহন বেতাল অবস্থা। যেকোনো সময় এক্কেরে ভাইঙ্গা যাইতে পারে। তহন আমাগো কী অইবে, ভাইবা রাইতে ঘুম আহে না।’ বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ-পশ্চিমে পায়রা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় তেঁতুলবাড়িয়া গ্রামের ফাটল ধরা বেড়িবাঁধটি দেখিয়ে কথাগুলো বলেন ষাটোর্ধ্ব আলী আজিম মৃধা।১৫ দিন আগে পূর্ণিমার জোয়ারে পায়রা নদী ও সাগরের স্রোতে বাঁধটি ভাঙনের কবলে পড়ে। এতে ৪০০ মিটার বাঁধজুড়ে দীর্ঘ ফাটল দেখা দেয়। ফাটল ধরা অংশের পরই বাঁধের ২০০ মিটার জায়গার অর্ধেক নদীগর্ভে চলে গেছে। এ অবস্থায় যেকোনো মুহূর্তে বাঁধটি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। বাঁধের কাছাকাছি বসবাসরত আটটি পরিবার ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ভাঙনকবলিত বাঁধের পাশে প্রায় ৫০টি পরিবার এখনো ঝুঁকির মধ্যে বসবাস করছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। বাঁধের কাছাকাছি এখনো বাস করছেন হেলেনা বেগম। তিনি বলেন, ‘পূর্ণিমার পরের রাইতে অনেক জমি ভাইঙ্গা নদীতে গ্যাছে। হেই রাইতে পোলা-মাইয়া লইয়া চিন্তায় ঘুমাইতে পারি নাই।’বাঁধটি ভেঙে গেলে জোয়ারের লোনাপানিতে পাঁচ-ছয়টি গ্রামের ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন রহমত আলী, জলিল সিকদারসহ স্থানীয় কৃষকেরা। বড়বগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল ফরাজী জানান, তেঁতুলবাড়িয়া বেড়িবাঁধটির অবস্থা ভয়াবহ। এটি রক্ষার জন্য স্থানীয় সাংসদ ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের কাছে আবেদন জানানো হয়েছে।আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মশিউর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন, শিগগিরই ভাঙনকবলিত বাঁধটি পরিদর্শনে যাবেন। বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, বরাদ্দ পেলে তাঁরা বাঁধটি সংস্কারের ব্যবস্থা করবেন।