এক সপ্তাহ আগে লঘুচাপের কবলে পড়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিমে ষাইটপাড়ার দ্বীপ রক্ষা বেড়িবাঁধে আবারও ভাঙন ধরেছে। তিন কিলোমিটার দৈর্ঘ্যের বেড়িবাঁধের মধ্যে প্রায় আধা কিলোমিটার অংশ ভেঙে গেছে। বাঁধটি ১২ ফুট চওড়া হলেও ভাঙন কবলিত অংশে এর প্রস্থ দাঁড়িয়েছে ১ ফুটের কাছাকাছি। আরেকটু ভাঙলে পুরো বাঁধই সাগরে তলিয়ে যাবে। এ নিয়ে উৎকন্ঠায় আছেন ওই এলাকার অন্তত ৮০ হাজার বাসিন্দা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিম পাশে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের বেড়িবাঁধটি নির্মাণ করে। এরপর প্রাকৃতিক দুর্যোগ ও সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বিভিন্ন সময়ে এই বেড়িবাঁধে ভাঙন ধরে। ২০০৪ সালে বাঁধটির প্রায় এক কিলোমিটার সাগরে বিলিন হয়ে যায়। পরে ২০০৫ সালে ওই ভেঙে যাওয়া বাঁধটি সংস্কার করা হয়। ২০১৫ সালে ঘূর্ণিঝড় কোমেনের পর গত বছর রোয়ানুর কবলে পড়ে বাঁধটি। পরপর দুই বছরের প্রাকৃতিক দুর্যোগের আঘাতে প্রায় আধা কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। বেড়িবাঁধের ওই ভাঙা অংশ সংস্কার শেষ হতে না হতেই গত সপ্তাহে নিম্নচাপের প্রভাবে আরও আধা কিলোমিটার ভেঙে গেছে।
জরুরি ভিত্তিতে এই ভাঙা অংশ সংস্কার না করলে পুরো এলাকা সাগরে তলিয়ে যাবে বলে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। মাতারবাড়ী ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা একরামুল হক বলেন, বেড়িবাঁধটির ষাইটপাড়া অংশের এই আধা কিলোমিটার সংস্কার করা খুব জরুরি। তা নাহলে ভারী বৃষ্টি ও জোয়ারে যে কোনো মুহুর্তে পুরো এলাকাটি সাগরে তলিয়ে যাবে।
ষাইটপাড়ার বাসিন্দা নুরে আলম ও কফিল উদ্দিন বলেন, নতুন করে বেড়িবাঁধে ভাঙন ধরায় পরিবার নিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন তাঁরা।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিমে সাইরার ডেইল-ষাইটপাড়ায় বেড়িবাঁধটির মধ্যে আধা কিলোমিটার ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে। ১২ ফুট প্রস্থের বাঁধে এখন আছে মাত্র ১ ফুট।
স্থানীয় মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, ঝুঁকি এড়াতে বেড়িবাঁধের পাশে বসবাসরত তিন শ পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই আধা কিলোমিটার অংশ সাগরের মুখে অবস্থিত। ভাঙতে ভাঙতে এটি সাগরে প্রায় বিলীন হয়ে গেছে। আরেকটু ভাঙলে পুরো এলাকার মানুষ জোয়ারের পানিতে ভাসবে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, ওই বাঁধটি এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। এটি সংস্কারের জন্য পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।
জানতে চাইলে পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, লঘুচাপের প্রভাবে ওই এলাকায় বেড়িবাঁধে নতুন করে ভাঙন ধরেছে। জোয়ারের পানি যাতে লোকালয়ে ঢুকতে না পারে তার জন্য ওই ভাঙা বেড়িবাঁধ কয়েক দিনের মধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।