কক্সবাজার উপকূলে বেড়িবাঁধের বিভিন্ন স্থানের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে ৫২টি গ্রামের আট শতাধিক বাড়ি প্লাবিত হচ্ছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতায় উপকূলে আছড়ে পড়ছে। উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল রয়েছে।কক্সবাজার আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, গতকাল সোমবার বিকেল তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৮৮ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাতসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাগরে মাছ ধরার সব ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী জানান, জোয়ারের পানিতে ইউনিয়নের দেড় কিলোমিটার বাঁধের ভাঙা অংশ দিয়ে সমুদ্রের পানি ঢুকে ধুরুং, কায়সার বাপেরপাড়া, চর ধুরুং, চুল্যারপাড়াসহ আটটি গ্রামের দুই শতাধিক বসতবাড়ি প্লাবিত হচ্ছে। এসব এলাকার তিন শতাধিক মানুষকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে। মহেশখালী উপজেলার দ্বীপ ইউনিয়ন ধলঘাটার তিন দিকের প্রায় ১২ কিলোমিটার বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে পাঁচটি গ্রাম প্লাবিত হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মকবুল আহমদ জানান, তিন দিনে পাঁচটি গ্রামের ১৫০টির বেশি বসতবাড়ি প্লাবিত হয়েছে। কক্সবাজারের ফদনারডেইল ও নাজিরাটেক চরাঞ্চলে জলোচ্ছ্বাসে গতকাল প্রায় ১২০টির মতো বসতবাড়ি প্লাবিত হয়েছে। এসব বাড়ির লোকজন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। এ ছাড়া টেকনাফ, পেকুয়া, চকরিয়া উপজেলায় বেড়িবাঁধ ভেঙে ১৯ গ্রামের শতাধিক বসতবাড়ি প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া জানান, শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া, জাদিমুরা, নিলা, হোয়াইক্যং, বাহারছড়াসহ ১০-১২টি গ্রাম প্লাবিত হচ্ছে। কুতুবদিয়া প্রতিনিধি জানান, উপজেলার আলী আকবর ডেইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম জানান, তাঁর ইউনিয়নের জেলেপাড়া, কুমিরারছড়া, আনিসের ডেইল, তাবলেরচর, হায়দার বাপের পাড়া, কাহারপাড়া, চৌধুরীপাড়া, তেলিপাড়াসহ ১০টি গ্রামের আড়াই শ বসতবাড়ি প্লাবিত হয়েছে। তাবলেরচর এলাকায় স্থাপিত বায়ুবিদ্যুেকন্দ্রটিতে জোয়ারের পানি উঠেছে।