
বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্রপৃষ্ঠ স্ফীত হচ্ছে। ফলে বাংলাদেশসহ সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন দেশের বিস্তীর্ণ অঞ্চল সমুদ্রগর্ভে তলিয়ে যেতে পারে। এ পর্যন্ত বিশ্বের অধিকাংশ বিজ্ঞানী এ কথাই বলেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল পরিবেশবিজ্ঞানী জানিয়েছেন, বৈশ্বিক উষ্ণতা ছাড়াও অন্য যে কারণে বাংলাদেশের নিম্নাঞ্চলসমূহ অদূর ভবিষ্যতে জলমগ্নতার মুখে পড়বে তা হলো, বন্যার হাত থেকে নিস্তারের জন্য নির্মিত বন্যানিয়ন্ত্রণ বাঁধ বা বেড়িবাঁধ।
যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের চারজন বিজ্ঞানী এবং বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে আর আহমেদ এক গবেষণাপত্রে জানিয়েছেন, ষাটের দশকে বন্যানিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যে বেড়িবাঁধ নির্মাণ করা হয়, তার ফলে নদীবাহিত পলিমাটি তার স্বাভাবিক যাত্রাপথ হারিয়ে ফেলে। বেড়িবাঁধবেষ্টিত এলাকায় পলিমাটি ঢুকতে পারে না, ফলে সমুদ্রসীমা থেকে তার ভূমিসীমা (বা অ্যালিভেশন) ক্রমশ কমতে থাকে। ৫০ বছর বা ওই সময়ের ব্যবধানে এই কমা কোনো কোনো ক্ষেত্রে প্রায় পাঁচ ফুট।
ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ও মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অব নেভাল রিসার্চের অর্থানুকূল্যে পরিচালিত এ গবেষণার একটি প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে নেচার ক্লাইমেটচেঞ্জ পত্রিকার চলতি সংখ্যায়।
ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিষয়ক অধ্যাপক এবং ওই গবেষণাপত্রের অন্যতম রচয়িতা স্টিভগুডব্রেড প্রথম আলোকে জানান, ৫০ বা ৬০ বছর আগে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যেসব বেড়িবাঁধ নির্মাণ করা হয়, তার ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় তারা মানবজীবন রক্ষায় সাহায্য করেছে। কিন্তু এখন অর্ধশতক পরে দেখা যাচ্ছে, এসব বাঁধ কিছু সমস্যারও সৃষ্টি করতে পারে।
গুডব্রেড ও তাঁর সঙ্গীরা বাংলাদেশের সুন্দরবন এলাকার চরবেষ্টিত নিম্নাঞ্চলে তাঁদের গবেষণা পরিচালনা করেন। গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ব্যবস্থার মাধ্যমে তাঁরা এ অঞ্চলের সমুদ্রসীমার তুলনায় ভূমির উচ্চতা নিরীক্ষণ করেন। তাঁরা বিশেষভাবে নজর দেন বেড়িবাঁধবেষ্টিত সংরক্ষিত সমুদ্রসীমার নিচে অবস্থিত নিম্নাঞ্চলসমূহে, যা বিজ্ঞানীদের কাছে পোল্ডার নামে পরিচিত। পোল্ডার নং ৩২ ও সন্নিকটে অবস্থিত সুন্দরবনের ওপর গবেষণার ভিত্তিতে তাঁরা যে উপাত্ত সংগ্রহ করেন, তাতে দেখা যায় সুন্দরবনের ভূ-ভাগের তুলনায় পোল্ডার ৩২-এর ভূ-ভাগের উচ্চতার মধ্যে এক থেকে দেড় মিটার প্রভেদ রয়েছে। সুন্দরবনের ভূমির উচ্চতার তেমন হেরফের হয়নি। কিন্তু বেড়িবাঁধবেষ্টিত সংরক্ষিত পোল্ডার ৩২-এর উচ্চতা লক্ষণীয়ভাবে কম। বিজ্ঞানীদের হিসাব অনুসারে এই পোল্ডারের ভূ-সীমা পরিবর্তনের বার্ষিক পরিমাণ শূন্য দশমিক ২ সেন্টিমিটার। সাধারণ চোখে ও অল্প সময়ের ব্যবধানে এই পরিবর্তন সহসা নজরে পড়ে না। কিন্তু দীর্ঘ সময়ের উপাত্ত বিচার করলে সহজেই ভূ-উচ্চতার তারতম্য বোঝা যায়। বিজ্ঞানীদের ধারণা, ভূ-সীমা হ্রাসের কারণ বেড়িবাঁধের ভেতর পলিমাটির স্বাভাবিক চলাচলে বিঘ্নতা, বনাঞ্চলের ঘনত্ব হ্রাস, মাটির সংকোচন বৃদ্ধি এবং আঞ্চলিক পর্যায়ে জোয়ার-ভাটার পানির উচ্চতার পার্থক্য।
গবেষণাপত্রে বিজ্ঞানীরা পরামর্শ দিয়েছেন, এ সমস্যার একটি আশু সমাধান হচ্ছে বেড়িবাঁধসমূহ জায়গা বিশেষে কেটে ফেলে সেখান দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করা।
প্রথম আলোর প্রশ্নের জবাবে গুডব্রেড বলেন, তাঁদের গবেষণায় বেড়িবাঁধের গুরুত্ব উপেক্ষা করা হয়নি। তাঁরা বলতে চেয়েছেন, বেড়িবাঁধের একটি অপ্রত্যাশিত নেতিবাচক প্রতিক্রিয়াও রয়েছে। তিনি মনে করেন, সমুদ্রসীমার নিচে যেসব নিম্নাঞ্চল আছে, বেড়িবাঁধের কারণে ভবিষ্যতে সেগুলোর সমস্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
জাতিসংঘের সবুজ তহবিলের মাধ্যমে বাংলাদেশ তার উপকূলীয় এলাকায় আরও উচ্চতর বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। সে কথা উল্লেখ করায় গুডব্রেড বলেন, এ নিয়ে পর্যাপ্ত গবেষণার পর সঠিক পথটি অনুসরণ করা উচিত। হাতিয়া-সন্দ্বীপ ও মেঘনা মোহনার সঙ্গে খুলনা ও সুন্দরবনের নিকটবর্তী নিম্নাঞ্চলের চরিত্র ও তাদের প্রয়োজন অভিন্ন নয়। এমন একটি বেড়িবাঁধব্যবস্থা উদ্ভাবন করা প্রয়োজন, যার ফলে সবার স্বার্থ রক্ষা সম্ভব হয়। তিনি অবশ্য জোর দিয়ে বলেন, তাঁদের গবেষণার সঙ্গে বৈশ্বিক উষ্ণতার কোনো সম্পর্ক নেই। বৈশ্বিক উষ্ণতা যে একটি বাস্তবতা, গবেষণায় তা নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি।
গুডব্রেড জানান, ২০ বছর ধরে তিনি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও নদীপ্রবাহ নিয়ে গবেষণা করছেন। এ পর্যন্ত প্রায় ৩০ বার তিনি বাংলাদেশ সফর করেছেন।
বাংলাদেশি পরিবেশবিজ্ঞানী ও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার গবেষক ড. চৌধুরী মনিরুজ্জামান ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে পাওয়া নতুন তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। প্রথম আলোকে তিনি জানান, জিপিএস পদ্ধতিতে ভূমি পরিবর্তন প্রক্রিয়ায় যে উপাত্ত মিলেছে, তা থেকে স্পষ্ট, দীর্ঘ সময়ের ব্যবধানে বেড়িবাঁধ নতুন ধরনের সমস্যা সৃষ্টি করেছে। বেড়িবাঁধের কারণে শুধু ভূ-উচ্চতা হ্রাসই নয়, নিম্নাঞ্চলের ভূ-ভাগের উর্বরতাও কমে আসে। পলিমাটি প্রবেশ করতে দিলে এই অঞ্চল পুনরায় উর্বর ভূমিতে পরিণত হতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
গবেষণার বিস্তারিত দেখুন: (http://bit.ly/17CjPFG)