বেড়িবাঁধের সংস্কারকাজ শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দিষ্ট সময়ের পর প্রায় দুই বছর পেরিয়ে গেলেও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার খারহাটে ইছামতী নদীর বেড়িবাঁধ সংস্কারকাজ শেষ হয়নি। ভাঙনের তীব্রতা বাড়লে এ বাঁধ ভেঙে কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট গ্রামের জয়দেব দাস, আবদুর রহমান ও ছাদেক আলী জানান, ২০১০ সালের মে মাসে খারহাট এলাকায় বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। ওই সময় কোনো রকমে মেরামত করে ভাঙন ঠেকানো হয়। ২০১১ সালের জানুয়ারিতে ওই এলাকায় ফের ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঠিকাদার শফিকুল ইসলামকে ৩০০ মিটার বাঁধ সংস্কারের দায়িত্ব দেন। এ জন্য দুই কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই বছরের ২৭ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কাজ শুরুর পর ভাঙন বেড়ে যাওয়ায় ২০১২ সালের এপ্রিলে আরও ৮০ মিটার বেড়িবাঁধ সংস্কারের জন্য ৭১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। একই ঠিকাদার ওই কাজ পান। ছয় মাসের মধ্যে এ কাজ শেষ করার কথা ছিল। মঙ্গলবার (১৪ মে) সকালে সরেজমিনে দেখা গেছে, বাঁধ সংস্কারের জন্য নির্মিত বিপুলসংখ্যক ব্লক বেড়িবাঁধের ওপর ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে।বেড়িবাঁধের পাশের চিংড়ি ঘেরের মালিক জয়দেব দাস ও ছাদেক গাজী জানান, ভাঙনের তীব্রতা বাড়লে বাঁধ ভেঙে কালীগঞ্জের খারহাট, কামদেবপুর, ভাড়াসিমলা, শুইলপুর, ব্রজপাটুলি, চৌবাড়িয়া, সোনাটিকারি, চালতেবেড়ে, মার্কা, কুকোডাঙি, শরাব্দিপুর, ঘোনা গ্রাম নলতা তারালি, ভাড়াশিমলা, চম্পাফুল গ্রাম ও দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হবে। ভেসে যাবে কয়েক হাজার বিঘার চিংড়ি ঘের ও ফসলের খেত। পানিবন্দী হবে লক্ষাধিক মানুষ। এ ব্যাপারে ঠিকাদার শফিকুল ইসলাম বলেন, প্রথম ৩০০ মিটার কাজের ব্লক নির্মাণসহ ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। কিন্তু এ কাজের জন্য বরাদ্দকৃত দুই কোটি ৮৫ লাখ টাকার মধ্যে এ পর্যন্ত তিনি বিল পেয়েছেন ৬০ লাখ টাকা। ফলে টাকার অভাবে কাজ শেষ করতে পারছেন না। তবে ভাঙনকবলিত দুর্বল জায়গাগুলোতে মাটি ও বালুভর্তি ব্যাগ (জিও) ফেলা হবে।পাউবো সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান বলেন, এ পর্যন্ত ১০০মিটারের কাজ হয়েছে। চাহিদা অনুযায়ী বরাদ্দ নেই। এ কারণে ঠিকাদারকে ধীরগতিতে কাজ করতে বলা হয়েছে। বরাদ্দ চেয়ে এপ্রিল মাসেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।