বেড়িবাঁধে ভাঙন, ভেসে গেছে ১৫ গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী ও কহুয়া নদীর বেড়িবাঁধের তিন জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে ফুলগাজীর ১৫টি গ্রাম ভেসে গেছে। ফেনী-পরশুরাম সড়ক পানিতে তলিয়ে গেছে।

উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় গ্রামবাসীরা সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফুলগাজীর উত্তর শ্রীপুর ও দৌলতপুর গ্রামে মুহুরী নদী ও বৈরাগপুর এলাকায় কহুয়া নদীর বেড়িবাঁধে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, নিলক্ষ্মী, দেড়পাড়া, বাসুরা, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বিজয়পুর, বসন্তপুর, ঘোষাইপুর, বরইয়া, বৈরাগপুর, কমুয়া, বালুয়া ও চানপর গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। পানির তোড়ে পথঘাট, সদ্য বোনা আমন ধানের মাঠ তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহিদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ প্রথম আলোকে জানান, থানার সামনে দুই ফুট উঁচু পানি জমেছে। থানার পুরোনো ভবনে মেঝেতে পানি ঢুকেছে। পানি আরও এক-দেড় ইঞ্চি বাড়লে নতুন ভবনেও পানি ঢুকতে পারে।

ফেনী পাউবোর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক জানান, মুহুরী নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি বন্ধ হলে ও ভারতের উজানের পানি কমে গেলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তখন ভাঙা জায়গাগুলো মেরামত করা যাবে।