বেড়ে উঠছে সেই ২৮০টি তারকা কচ্ছপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নরম ঘাস আর কলমিশাক খেয়ে বেড়ে উঠছে ২৮০টি তারকা কচ্ছপ। থাইল্যান্ডে পাচারকালে সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার করা হয়েছিল কচ্ছপগুলো।সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে মোট ২৮৮টি কচ্ছপ উদ্ধারের পর সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য পরদিনই সড়কপথে ডুলাহাজারায় পাঠানো হয়। এ সময় চারটি কচ্ছপ মারা যায়। সাফারি পার্কের ভেতরে একটি কক্ষে বর্তমানে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে কচ্ছপগুলো। প্রচণ্ড গরমে গত দুই দিনে আরও চারটি কচ্ছপ মারা গেছে। রোববার সকালে সাফারি পার্কে গিয়ে দেখা যায়, বেষ্টনীর ভেতরে নরম ঘাস ও কলমিশাক খাচ্ছে কচ্ছপগুলো। এ ছাড়া ছোট ছোট করে কেটে মিষ্টিকুমড়াও খেতে দেওয়া হচ্ছে। কচ্ছপের দৌড়ঝাঁপ দেখতে জড়ো হয়েছে বিপুলসংখ্যক দর্শনার্থী। প্রচণ্ড গরমে কয়েকটি কচ্ছপের মুমূর্ষু অবস্থা। বন্য প্রাণী চিকিৎসকেরা সেগুলোর নিবিড় পরিচর্যা করছেন।সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক (ভেটেরিনারি সার্জন) জাহেদ মো. মালেকুর রহমান বলেন, বর্তমানে ২৮০টি কচ্ছপ সুস্থ রয়েছে। বিরল প্রজাতির এই তারকা কচ্ছপ সাধারণত বাংলাদেশে দেখা যায় না। ভারতের গুজরাট রাজ্যে কচ্ছপের এই প্রজাতির বিচরণ বেশি। মিয়ানমারেও এদের দেখা যায়। বাংলাদেশের পরিবেশের সঙ্গে এই প্রজাতির কচ্ছপের খাপ খাওয়ানো কঠিন। এরা হালকা গরম ও ঠান্ডা পানিতে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে।সাফারি পার্কের তত্ত্বাবধায়ক (বন রেঞ্জার) এ বি এম জসিম উদ্দিন বলেন, শিলা ও কড়িকাইট্টা নামের ভারতীয় দুটি প্রজাতির ২৮০টি তারকা কচ্ছপের জন্য প্রতিদিন নরম ঘাস, কলমিশাক ও মিষ্টিকুমড়া সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া কচ্ছপগুলো প্রাকৃতিকভাবে খাদ্য গ্রহণ করছে।