বেড়েই চলেছে ছোলার দাম বাজারে নেই সয়াবিন তেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাস আসতে না আসতেই চট্টগ্রামের বাজারে বেড়ে চলেছে ছোলার দাম। প্রতি কেজি ছোলায় পাঁচ থেকে সাত টাকা করে দাম বেড়েছে। বাজারে নেই সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ। গতকাল শনিবার রিয়াজউদ্দিন বাজারের রহমান ব্রাদার্সের পণ্য বিক্রেতা মো. কামরুল প্রথম আলোকে জানান, গত সপ্তাহে কেজিপ্রতি মিয়ানমারের ছোলা ৭৮ টাকা, অস্ট্রেলিয়ান ছোলা ৭৫ টাকায় বিক্রি হয়েছে। এ সপ্তাহে তা বেড়ে যথাক্রমে ৮৫ ও ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজার খাতুনগঞ্জে এই ছোলার পাইকারি মূল্য কেজিপ্রতি ৮২ ও ৭৮ টাকা। নগরের রিয়াজউদ্দিন বাজারে দেখা যায়, গতকাল দেশি মসুর ডাল ১১০, নেপালের ১০০, তুরস্কের মসুর ডাল ৭৫, অস্ট্রেলিয়ান মসুর ডাল ৭৮ ও ৮৫ টাকা, মুগ ডাল ১১০, মাষকলাই ১০৫, খেসারি ৫৬, ছোলার ডাল ৮০ ও মটর ডাল ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে তিন সপ্তাহ ধরে সয়াবিন তেলের সরবরাহের ঘাটতি অব্যাহত রয়েছে চট্টগ্রামের বাজারে। তীর ছাড়া রূপচাঁদা, পুষ্টি, দাদা ব্র্যান্ডের সয়াবিন তেলের সরবরাহ নেই বললেই চলে। তবে এ সপ্তাহে তেলের দাম এখনো বাড়েনি বলে জানালেন বিক্রেতারা। বোতলজাত সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের ডিলাররা খুচরা বিক্রেতাদের কাছে সয়াবিন তেল সরবরাহ না করায় এই পরিস্থিতির তৈরি হয়েছে বলে জানা গেছে। গতকাল খুচরা বাজার ঘুরে দেখা যায়, পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৬৭০ থেকে ৬৭৫ টাকায়। তিন সপ্তাহ আগে দাম ছিল ৬৫০ থেকে ৬৬০ টাকা।