বেড়েই চলেছে ডেঙ্গু রোগী
রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ বছরের শিশু শাবাবের মৃত্যু। সে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
মা–বাবার একমাত্র সন্তান শাবাব সারোয়ার। ৯ পেরিয়ে সবে ১০ বছরে পা দিয়েছিল সে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
শাবাবের বাবা সারোয়ার হোসেন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর। এটিএন নিউজের প্রতিবেদক সাব্বির আহমেদ বলেন, গত শনিবার শাবাবের ডেঙ্গু শনাক্ত হয়। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে
সেদিনই তাকে চিকিৎসকেরা শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করে। শাবাব রাজধানীর ন্যাশনাল আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকালে রাজধানীর বনশ্রীতে শাবাব সারোয়ারের প্রথম জানাজা হয়। পরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে।
আরও ২১৮ রোগী হাসপাতালে ভর্তি : স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে ৩ হাজার ৯০১ জনের। এর মধ্যে গতকাল পর্যন্ত ১ হাজার ৫৫ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। এর মধ্যে ৪৩ জন বাদে বাকি সবাই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২০৮ জনই ভর্তি হয়েছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আগস্ট মাসের প্রথম ৫ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৩ জন।
ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া ১০ জন রোগীর তথ্য পর্যালোচনার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত কোনো মৃত্যুর পর্যালোচনা শেষ হয়নি। তাই চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি আইইডিসিআর।
রাজধানীর বড় সরকারি হাসপাতালের মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তি করা হচ্ছে না। ডেঙ্গু রোগী বেশি ভর্তি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে।
এডিস মশা নিধনে ছাত্রলীগের কর্মসূচি: প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয় জানান, মাসব্যাপী এডিস মশা নিধনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনের কেন্দ্রঘোষিত
এই কর্মসূচি আজ শুক্রবার থেকে সারা দেশে সংগঠনের প্রতিটি ইউনিটে পালিত হবে বলে জানিয়েছে ছাত্রলীগ।