বেড়েছে এলপি গ্যাসের দাম, কমেছে ধান-চালের
টানা অবরোধের কারণে রংপুরে সিলিন্ডারপ্রতি এলপি গ্যাসের দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। একই কারণে ধান ও চালের বাজারেও ধস নেমেছে। স্থানীয়ভাবে মণপ্রতি ধানের দাম ২০০ ও চালের দাম ৩০০ টাকা কমেছে।
গ্যাসের ডিলার, খুচরা বিক্রেতা ও কয়েকজন ব্যবহারকারী জানান, রংপুরের খুচরা বাজারে সিলিন্ডারপ্রতি এক হাজার ৫০০ টাকার ক্লিনহিট গ্যাস এক হাজার ৭২০ টাকা, এক হাজার ৫০০ টাকার যমুনা গ্যাস এক হাজার ৭২০ টাকা, এক হাজার ৫৫০ টাকার ক্লিনহিট এক হাজার ৭২০ টাকা, এক হাজার ৫৫০ টাকার বসুন্ধরা এক হাজার ৭৫০ টাকা, এক হাজার ৫৫০ টাকার টোটাল গ্যাস এক হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
নগরের বিভিন্ন বাজার ও মহল্লার বিভিন্ন দোকান ঘুরে জানা গেছে, টানা অবরোধে এলপি গ্যাসের সংকটের কারণে খুচরা বাজারে দাম বাড়ানো হয়েছে।
খুচরা ব্যবসায়ীরা জানান, ডিলারদের কাছ থেকে গ্যাস পাওয়া যাচ্ছে না। তাই বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। আবার বাড়তি দামেও অনেকে গ্যাস পাচ্ছেন না। ডিলাররা বলছেন, মাঝখানে দু-এক দিন গাড়ি চললেও কোম্পানি থেকে ওই সময়ে গ্যাস সরবরাহ করা হচ্ছে না।
নগরের কেরানিপাড়ার গৃহিণী আফসানা জাহান বলেন, বাধ্য হয়ে বেশি দামেই গ্যাস কিনতে হচ্ছে।
শহরের নিউ জুম্মাপাড়ার ব্যবসায়ী মুন্সি মুজিব বলেন, ব্যবসায়ীরা যে যেভাবে পারছেন দাম বাড়িয়ে দিচ্ছেন। কামালকাছনার শিক্ষক রফিকুল ইসলাম বলেন, এলাকায় গ্যাসসংযোগ না থাকায় বেশির ভাগ মানুষই এলপি গ্যাস ব্যবহার করেন। সংকটের কারণে গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ২০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে।
ডিলার হাসান মিয়া বলেন, ‘আমাদের কাছে গ্যাস নেই। আর এই সুযোগে খুচরা ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম নিচ্ছেন।’ মহানগর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, টানা অবরোধের কারণে মালামাল পরিবহন ব্যাহত হচ্ছে। তবুও যে গ্যাস পাওয়া যাচ্ছে এটিই বড় বিষয়।
এদিকে রংপুরে চালের সবচেয়ে বড় পাইকারি বাজার হলো মাহিগঞ্জ। এখানে রয়েছে দুটি অটোমেটিক চালকলসহ ৯০টি চালকল। এই বাজার থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রাক চাল দেশের বিভিন্ন জেলায় যায়। ঘন ঘন অবরোধের কারণে তা বন্ধ হয়ে গেছে। ছয় হাজার মেট্রিক টনের বেশি চাল আটকা পড়েছে মাহিগঞ্জের চালের আড়তে। এ নিয়ে বিপাকে পড়েছেন চাল ব্যবসায়ীরা।
মাহিগঞ্জ বাজারের চাল ব্যবসায়ী আবুবক্কর সিদ্দিক বলেন, ১০ দিন আগে ৮৪ কেজি ওজনের প্রতি বস্তা মোটা চাল দুই হাজার ৪০০ টাকা এবং চিকন চাল তিন হাজার টাকায় বিক্রি হয়েছে। ক্রেতা না থাকায় এখন মোটা চাল দুই হাজার ১০০ এবং চিকন চাল দুই হাজার ৭০০ টাকায়ও বিক্রি করা যাচ্ছে না।